অতিবৃষ্টিতে ভাঙছে শিবপুর থেকে জয়দেব যাওয়ার সেতু, যাতায়াত বন্ধ করলো দুই জেলার প্রশাসন
আমার কথা, কাঁকসা, ২৬ জুনঃ
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি হওয়ায় দামোদর,অজয় প্রভৃতি নদীতে জলস্রোত বেড়েছে। অন্যদিকে ঝাড়খন্ড ও বিহারে বৃষ্টির জেরে সেই রাজ্যের জলাধার গুলি থেকে জল ছাড়ায় অজয় নদের জলস্রোত বিপদসীমার ওপরে থাকায় অস্থায়ী সেতু দিয়ে বয়ে যাচ্ছে জল।যার কারণে কোনো রকম ঝুঁকি না নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সেই অস্থায়ী সেতুতে বাঁশ দিয়ে ঘিরে যান চলাচল বন্ধ করে দেওয়া হলো আজ সকাল থেকে। সাধারণ মানুষ জানিয়েছেন অজয়ের জল বেড়ে যাওয়ার ফলে রাস্তার বেহাল অবস্থা। তাই তড়িঘড়ি প্রশাসন ও ফেরিঘাট কর্তৃপক্ষ তরফ থেকে সাধারণ মানুষদের কথা চিন্তা ভাবনা করে সম্পূর্ণরূপে সমস্ত যান চলাচল এবং যাতায়াত বন্ধ করে দেওয়া হয়।ফলে বীরভূমের সাথে বর্ধমানের যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে অজয়ের জল কমে গেলে পুনঃরায় এই রাস্তার মেরামতের কাজ শুরু হবে জানা গিয়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই সেতু দিয়েই যাতায়াত করে।কেউ বীরভূম তো কেউ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পনগরীতে যায়।
যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার ফলে নিত্যযাত্রীরা চিন্তায় পড়েছে যে তারা কিভাবে কাজে যোগ দেবেন বা নিজেদের গন্তব্যে পৌঁছাবেন।এই রাস্তা দিয়েই স্কুলের ও কলেছের ছাত্র-ছাত্রীরা, রুগী, শিক্ষক শিক্ষিকা এমনকি কর্মজীবী মানুষ দৈনন্দিন যাতায়াত করে।
যদিও অজয় নদের উপর স্থায়ী সেতুর প্রায় ৯০ শতাংশ নির্মাণ হয়ে গেলেও সেটি দিয়ে যাতায়াত শুরু না হওয়ায় এই বর্ষাতেও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হবে বলে অভিযোগ করেন সকলে।



