দুর্গাপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের
য়ামার কথা, দুর্গাপুর, ৮ মেঃ
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পাড়দহি এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কমব্যাট ফোর্স।
দুর্গাপুরের কমলপুর এলাকার বাসিন্দা মায়া ঘোষ(২৮) এর সাথে বছর দুয়েক আগে বিয়ে হয় পাড়দহি এলাকার বাসিন্দা সুশোভন মাইতির সাথে।গৃহবধূর পরিবারের লোকজনের অভিযোগ, বিয়ের পর থেকেই মায়ার ওপর অত্যাচার চালাতো তাঁর শ্বশুরবারির পরিবারের সদস্যরা।মুলতঃ অভিযোগ স্বামী ও শ্বশুর, শাশুড়ির ওপর। বৃহস্পতিবার দুপুরে গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে খবর দেওয়া হয় মায়াদেবী গলায় দড়ি দিয়েছে। মায়া মারা গেছে। খবর পেয়ে তাঁরা গৃহবধূর বাড়িতে পৌঁছে দেখেন ঘরের মধ্যে মায়ার ঝুলন্ত দেহ। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। মায়াদেবীর বোন প্রতীমা ঘোষ জানান, তাঁরা বাড়ির পরিচারিকার থেকে জানতে পেরেছেন গত দুদিন ধরে অশান্তি চলছিল। গতকাল গৃহবধূকে মারধরও করা হয়েছে। মায়াদেবীকে খুন করা হয়েছে বলে তাঁদের অভিযোগ। এর আগেও একবার মায়াদেবীকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল বলেও জানান তাঁরা। মায়াদেবীর পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করে টাঙিয়ে দেওয়া হয়েছে।
এই ঘটনার পরেই চরম ক্ষোভে ফেটে পড়েন গৃহবধূর পরিবারের লোকজন। তাঁরা ভাঙ্গচুরও চালায় বাড়িতে। পরিস্থিতি আয়ত্বের বাইরে বেরিয়ে যেতে থাকে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কমব্যাট ফোর্স। দুঘন্টা ধরে চলে ক্ষোভ। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।




