লাল গোলাপ ও কলম তুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন আইসির
আমার কথা, ২ ফেব্রুয়ারী
রাকেশ লাহা, জামুরিয়া:
সোমবার অর্থাৎ ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হলো জীবনের প্রথম বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা।
রাজ্যজুড়ে এই পরীক্ষায় যাতে কোন রকম কোনো বিশৃঙ্খলা বা সমস্যার সম্মুখীন হতে না হয় পড়ুয়াদের, তার জন্য সদা তৎপর রাজ্যের প্রশাসন।
তৎপরতার সাথে কাজ করছে জামুড়িয়া থানার পুলিশও। তবে শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা এবং সহযোগিতাই নয় বরং পড়ুয়াদের মনোবল বৃদ্ধি করতে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করল কেন্দা ফাঁড়ির আইসি মিহির কুমার দে।
সোমবার পরীক্ষা শুরুর প্রথম দিনেই সাতসকালেই জামুরিয়া থানার অন্তর্গত কেন্দাফাঁড়ির আইসি মিহির কুমার দে তার দলবল নিয়ে পৌঁছে গেল কেন্দা উচ্চ বিদ্যালয়ে।
এদিন পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে তাদের হাতে গোলাপ ফুল ও কলম তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন আইসি সহ উপস্থিত অন্যান্য অফিসারেরা। এ প্রসঙ্গে আইসি মিহির কুমার দে জানান, পরীক্ষার্থীরা যেন নিরাপদে এবং নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য যেমন আমরা সদা তৎপর তেমনি পরীক্ষা কেন্দ্রে যাতে কোনরকম কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার দিকেও নজর রাখছি আমরা। আমরা সকল পরীক্ষার্থীর কাছে আশা রাখবো তাদের পরীক্ষা যেন ভাল হয় এবং জীবনের প্রথম বড় পরীক্ষায় যেন সফলতা লাভ করে।
অন্যদিকে, উপস্থিত জামুরিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জগন্নাথ গোপ প্রশাসনের এই অসাধারণ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।।



