“তৃণমূল ক্ষমতায় এলে ববি হাকিমকে উপমুখ্যমন্ত্রী করার দাবি উঠবে”- দিলীপ
আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ২৬সেপ্টেম্বর:
বিধানসভায় তৃণমূল ক্ষমতায় এলে দাবি উঠবে উপ মুখ্যমন্ত্রী চাই ববি হাকিমকে’, তৃণমূলকে নিশানায় দিলীপ ঘোষ। দুর্গাপুরের শঙ্করপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি ফের তোপ দাগেন। বলেন, ২০৩১-এ মুসলিম মুখ্যমন্ত্রী ছাড়া বাংলায় ভোট হবে না। আর তখন হিন্দুদের বাংলা ছেড়ে বিহার-ঝাড়খণ্ডে আশ্রয় নিতে হবে। ২০১১ সালের বিধানসভা ভোটের উদাহরণ টেনে তিনি তৃণমূলকে বিঁধলেন। দাবি করেন, “সেই সময় মিলিটারি নামানো হয়েছিল বলেই তৃণমূল ক্ষমতায় এসেছে। না হলে সিপিএম ভোট চুরি করে ফের ক্ষমতায় বসত।” তাঁর বক্তব্য, এখনও নির্বাচন কমিশন এসআইআর নিশ্চিত করেছে। পরিস্থিতি যাই হোক না কেন, সেনা-আধাসেনা নামানো হবে। প্রয়োজনে এপ্রিলের মধ্যেই রাষ্ট্রপতি শাসন জারি করে “দিদিমণিকে কালীঘাটে পাঠানো হবে।” তিনি বলেন, “এসআইআর তৃণমূলের কাছে জীবনকাটি মরণকাটি। তাই আটকানোর চেষ্টা করছে। কিন্তু কোনোভাবেই আটকানো যাবে না। এক কোটি ভোট বাদ যাবে, দিদিমণি কালীঘাটে যাবেই।” রাজনৈতিক মহলের মত, এই ধরনের বাড়াবাড়ি মন্তব্যে দলের মধ্যে দিলীপ ঘোষের কৌশলগত গুরুত্ব ক্রমেই কমছে। প্রচারণার ঝাঁজ আছে বটে, কিন্তু দলের বাস্তব রাজনৈতিক মাঠে তাঁর স্থান সীমিত হচ্ছে।



