পুকুর বুজিয়ে নির্মাণ, কাজ বন্ধ করলেন বি এল আর ও
আমার কথা, সার্থক কুমার দে, অন্ডাল, ৬ জানুয়ারী:
পুকুর বুজিয়ে চলছিল নির্মাণ কাজ। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক। নির্মাণ কাজের বৈধ অনুমতি না থাকায় কাজ বন্ধ করার নির্দেশ দেন তিনি। অন্ডাল ব্লকের খন্দরা পঞ্চায়েত এলাকার ঘটনা।
সাম্প্রতিককালে রাজ্যের অন্যান্য জায়গার মতো অন্ডাল ব্লকের বিভিন্ন জায়গায় উঠছে বেআইনি নির্মাণ কাজের অভিযোগ। পুকুর, জলাশয় বুজিও অবাধে চলছে নির্মাণ। অন্ডাল থেকে উখরা যাওয়ার রাস্তায় খান্দরায় রাস্তার পাশে সম্প্রতি একটি পুকুর বুজিয়ে এভাবেই চলছিল নির্মাণ কাজ। পুকুরটি কালী ভাসান পুকুর নামে পরিচিত। অবৈধ নির্মাণ কাজের অভিযোগ পৌছায় অন্ডাল ব্লক ভূমি রাজস্ব দপ্তরে। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বি এল আর ও অলোক কুমার মল্লিক, ব্লক রেভিনিউ ইন্সপেক্টর পবিত্র মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকেরা। সাথে ছিলেন অন্ডাল পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ কৌশিক মন্ডল। আধিকারিকরা যে সময় ঘটনাস্থলে আসেন সেখানে তখনো চলছিল নির্মাণ কাজ। এই কাজের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে নির্মাণ কাজের বৈধ অনুমতি-নথি দেখতে চান আধিকারিকেরা। কিন্তু তারা কোন নথি দেখাতে পারেননি। এরপরই বিএলআরও অলোক বাবু নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের কাছে অবশ্য তিনি কোন প্রতিক্রিয়া দেননি। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ কৌশিক মন্ডল বলেন পুকুরের একাংশ বুঝিয়ে সেখানে নির্মাণ কাজ চলছিল। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে বিষয়টি তিনি বিএলআরওকে জানিয়েছিলেন। নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় বৈধ নথি না থাকায় বিএলআরও কাজ বন্ধ করার নির্দেশ দেন বলে জানান তিনি।
খান্দরা পঞ্চায়েতের প্রধান অপর্ণা বাদ্যকর বলেন বিষয়টি আমার জানা নেই। এই বিষয়ে আমার কাছে কেউ অভিযোগও করেনি, কেউ অনুমতি ও নেয়নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখব বলে জানান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন ওই পুকুরে গ্রামের একাধিক কালী প্রতিমা বিসর্জন করা হয় । তাই সেটি কালী ভাসান পুকুর নামে পরিচিত। পুকুরটি সংরক্ষিত করার দাবী জানান তারা।



