অন্ডালে সৌরভ খুনে পর্দা ফাঁস, ১৫ দিন পর ধৃত মহিলা সহ ৪ অভিযুক্ত
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২১ জুলাইঃ
ঘটনার ১৫ দিন পর অন্ডালের মাধবপুরে শিশু খুনের ঘটনায় ধরা পড়লো এক মহিলা সহ চার জন। বৃহস্পতিবার তাদের পেশ করা হয় আদালতে। অভিযুক্তদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
চলতি মাসের ৬ তারিখ কাজোড়ার মাধবপুর এলাকায় খেলতে গিয়ে নিখোঁজ হয় সৌরভ বাউরী (৭) নামে এক শিশু। চার দিন পর বাড়ির কাছাকাছি জঙ্গল থেকে শিশুটির ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। সৌরভকে খুন করা হয়েছে বলে সরব হন এলাকার বাসিন্দারা। খুনের রহস্য ভেদ ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অন্ডাল থানা ঘেরাও করে একাধিকবার বিক্ষোভ দেখায় এস,সি /এস,টি সেল পশ্চিমবঙ্গ বাউরি সমাজ সমিতি সহ একাধিক সংগঠন। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে তারা সরব হন। গত মঙ্গলবার বাউরি সমাজ সমিতি মঞ্চ নামে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামী দু দিনের মধ্যে অভিযুক্তরা ধরা না পড়লে জাতীয় সড়ক অবরোধ সহ বৃহত্তর আন্দোলনে নামবে তারা। তদন্তে বেশ কিছু সূত্র পাওয়া গেছে শীঘ্রই অপরাধীরা ধরা পড়বে বলে সেদিন পুলিশের পক্ষ থেকে প্রতিনিধি দলকে জানানো হয়। এরপরেই বুধবার রাতে মাধবপুর এলাকা থেকে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক মহিলা সহ চারজন ধরা পড়ে পুলিশের হাতে। ধৃতদের নাম যশোদা বাউরী, উমেশ বাউরী, রোহন বাউরী ও গণেশ বাউড়ী। ধৃতরে সকলেই একই পরিবারের বলে স্থানীয় সূত্রে খবর।
সূত্র মারফত জানা গেছে ৬ তারিখ মৃত সৌরভ সমবয়সী এক বন্ধুর সাথে মাঠে খেলছিল। সেই সময় ধৃত যশোদা বাউরী-কে সৌরভ উত্ত্যক্ত করছিল। রেগে গিয়ে যশোদা সৌরভকে ইট ছুড়ে মারলে সৌরভ মাটিতে লুটিয়ে পড়ে। ভয় পেয়ে ওই মহিলা সৌরভকে তুলে নিয়ে যায় নিজের বাড়ি। শিশুটির জ্ঞান ফেরানোর চেষ্টা করেন বাড়িতে। পরে যখন বুঝতে পারেন শিশুটি মারা গেছে তখন তার দেহটি বাড়িতেই লুকিয়ে রাখেন ওই মহিলা। ৯ তারিখ রাতে সুযোগ বুঝে ঝোপের মধ্যে দেহটি ফেলে আসেন। এই কাজে ওই মহিলাকে সাহায্যে করেন অন্য অভিযুক্তরা। যদিও কি কারণে শিশুটিকে খুন করা হলো এই বিষয়ে পুলিশ কোন মন্তব্য করেনি। এদিন ধৃতদের দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের ১০ দিনের হেফাজতের আবেদন জানানো হবে বলে অন্ডাল থানার এক আধিকারিক জানান।



