BREAKING! পাণ্ডবেশ্বরে ইস্তফা দিলেন প্রধান, উপপ্রধান সহ ৮ জন পঞ্চায়েত সদস্য
আমার কথা, ৮ জুন
সার্থক কুমার দে, পান্ডবেশ্বর:
পান্ডবেশ্বরে তৃণমূলে ভাঙ্গন । নবগ্রাম পঞ্চায়েতে প্রধান উপপ্রধান সহ ইস্তফা দিলেন আট জন পঞ্চায়েত সদস্য । সোমবার বিডিওর হাতে তারা ইস্তফা পত্র জমা দেন । সম্প্রতি প্রাক্তন বিধায়কের গোডাউন থেকে সরকারি ত্রাণ সামগ্রি উদ্ধার হওয়া ঘটনাতেই ইস্তফা বলে জানা যায় ।
রাজ্যে পালাবদলের পর বদলাতে শুরু করেছে রাজনৈতিক সমীকরণ । রক্তক্ষরণ শুরু হয়েছে তৃণমূলের অন্দরে । ইতিমধ্যে একাধিক বিদ্রোহী বিধায়ক দলের সিদ্ধান্ত অস্বীকার করে নির্বাচন করেছে বিরোধী দলনেতা । লোকসভা রাজ্যসভাতেও ভাঙ্গনের মুখে তৃণমূল । এই আবহে ত্রিস্তর পঞ্চায়েত স্তরেও শুরু হয়েছে ভাঙ্গন । সোমবার পাণ্ডবেশ্বর ব্লকের নবগ্রাম পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান সহ ৮ জন সদস্য একযোগে পদত্যাগ করেন । সোমবার তারা পদত্যাগ পত্র জমা দেন স্থানীয় বিডিওর হাতে । পদত্যাগীরা হলেন প্রিয়া বাগদি (প্রধান) সতন সৌমন্ডল (উপপ্রধান) এছাড়াও বৈশাখী রাউত, আরতী বাউরী, জিনা দাস, সুভাষচন্দ্র হাঁসদা, সোনালী কোড়া ও উষা দেবী । সম্প্রতি তৃণমূলের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাসভবন সংলগ্ন গোডাউন থেকে উদ্ধার হয় ত্রিপল সহ বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী । এই ঘটনায় জনমানসে তৃণমূল সম্পর্কে বিরুপ ধারণা হয়েছে সেই কারণেই পদত্যাগ বলে জানান প্রধান প্রিয়া বাগদি উপপ্রধান সতন সৌমন্ডল সহ অন্যরা । উল্লেখ্য ১৮ জন সদস্য নিয়ে নবগ্রাম পঞ্চায়েত । ইতিমধ্যে একজন সদস্যের মৃত্যু হয়েছে । এদিন আট জন সদস্য একযোগে পদত্যাগ করায় পঞ্চায়েতের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন । বাকি সদস্যরা এখন কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার ।



