চতুরঙ্গের মাঠে ললনাদের বিকি কিনির মেলা
আমার কথা, দুর্গাপুর, ৭ মার্চঃ

সংবাদদাতাঃ প্রণয় রায়
সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান সংলগ্ন নন কোম্পানি রিক্রিয়েশন ক্লাবে শুধুমাত্র মহিলাদের জন্য এক হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। ব্যবসা বিমুখ বাঙালির ঘরের মহিলারা বাঙ্গালীদের এই অপবাদ ঘুচাতে আজকাল প্রায়ই এদিক সেদিক অস্থায়ীভাবে স্বনির্ভর বিকিকিনির মেলার ব্যবস্থা করছেন। এতে মহিলারাই বিক্রি বাটা করেন এবং সিংহভাগ ক্রেতা ও তারা। নন কোম্পানি রিক্রিয়েশন ক্লাবে তিন দিনের এক স্বনির্ভর মেলায় মহিলারা পোশাক আশাক, নানান ধরনের গৃহস্থালীর সম্ভার সহ বিভিন্ন স্বাদের সুস্বাদু ও মুখরোচক খাবারের বিপনী নিয়ে এই মেলায় স্টল নিয়েছেন ।
এই মেলাতেই তরুণী দন্ত চিকিৎসক ডাঃ তনয়া বাদ্যকর সম্পূর্ণ বিনা ব্যয়ে মহিলা ও পুরুষদের দাঁত পরীক্ষা করে তার চিকিৎসার বিধান দিলেন।
তনয়া জানালেন তিনি তার পিতা ডিএসপি হাসপাতালের ফিজিও থেরাপি বিভাগের প্রধান ডাঃ তপন বাদ্যকর এর অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে সেবামূলকভাবে বিনা ব্যয়ে রোগীদের দাঁতের চিকিৎসা করছেন। এতে তার চিকিৎসার অভিজ্ঞতা ও বাড়ছে সঙ্গে সঙ্গে তার পিতার সেবামূলক কাজের স্বপ্নপূরণ ও করছেন।
এই মেলার অন্যতম প্রধান উদ্যোক্তা পম্পা ঘোষ জানালেন প্রচন্ড উৎসাহ নিয়ে স্থানীয় মহিলারা তাদের ঘর গৃহস্থালী সেরে প্রতিদিন বিকেলে এই মেলায় অংশ নিচ্ছেন।



