এলাকায় ধস, আতঙ্কে ঘর ছেড়ে বাইরে আশ্রয় স্থানীয়দের
আমার কথা, সার্থক কুমার দে, অন্ডাল, ৩০ আগস্টঃ
শুক্রবার কাজোড়া পঞ্চায়েতের শিকারপুকুর সংলগ্ন সরষেডাঙ্গা এলাকায় ধসের কারণে মাটি সহ বেশ কয়েকটা বাড়িতে ফাটল দেখা দেয়। যার ফলে আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আশপাশে রয়েছে বেশ কয়েকটি কয়লা খনি, সেই খনি গর্ভ থেকে কয়লা তোলার ফলে ধসের ঘটনাটি ঘটেছে বলে ধারণা স্থানীয়দের। খবর পেয়ে তড়িঘড়ি ওই এলাকা পরিদর্শনে যায় খনি সংস্থা ইসিএল এর আধিকারিকেরা। ধসের জায়গাটি ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। যাতে ওই জায়গায় কেউ না যায়। স্থানীয়দের অভিযোগ ফেন্সিং দেওয়া ছাড়া ইসিএল আর কোন কাজ করেনি। যেকোনো মুহূর্তে বাড়িঘর ভেঙ্গে পড়তে পারে এই আশঙ্কায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে না থেকে তাদের রাত কেটেছে খোলা আকাশের নিচে বলে জানান বাসিন্দারা। আবার কেউ কেউ আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। শনিবার সকালে এলাকায় গিয়ে দেখা যায় আতঙ্কের পরিবেশ। বাসিন্দারা ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র বাইরে বের করে জড়ো করে রেখেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাপতি বিষ্ণুদেও নুনিয়া। শুক্রবার রাত থেকে তিনি বাসিন্দাদের খাওয়ার ব্যবস্থা করেন। কর্তৃপক্ষের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য পুনর্বাসনের দাবি জানাবেন বলে বিষ্ণদেও বাবু জানান।



