দুর্গাপুরে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে লিফলেট বিলি
আমার কথা, দুর্গাপুর, ১ ডিসেম্বরঃ
বিধান মাঝি, অরুণ ধারা নামে দুই নেতার বিরুদ্ধে স্বজন-পোষণ ও দুর্নীতির অভিযোগে পোস্টার পরা নিয়ে ছড়ালো চাঞ্চল্য। দুর্গাপুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের নামো সাগরভাঙ্গা এলাকার বিভিন্ন জায়গায় দেওয়ালে এই পোস্টার গুলি দেখা যায় রবিবার সকালে। সাদা কাগজের উপর কালো কালিতে লেখা পোস্টার গুলি। সাথে বিলি করা হল লিফলেটও। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় লিফলেট গুলি। অবশ্য কে বা কারা এই পোস্টারের প্রেরক তা অবশ্য পোস্টারে উল্লেখ নেই। পোস্টারে বিধান মাঝি ও অরুণ ধারার বিরুদ্ধে একাধিক অভিযোগ লেখা রয়েছে। পোস্টারে উল্লেখ রয়েছে একসময় এই দু’জন সিপিএমের সক্রিয় কর্মী ছিল। তখন থেকেই তারা দুর্নীতির সাথে যুক্ত। তৃণমূল ক্ষমতায় আসার পর তারা শাসক দলে নাম লেখায়। নতুন দলে আরও বেশি ক্ষমতাবান হয়ে তারা দুর্নীতি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বালাজি কারখানায় শ্রমিক নিয়োগ নিয়েই তারা স্বজনপোষণ দুর্নীতি করছে বলে পোস্টারে উল্লেখ করা রয়েছে । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিধান মাঝি ও অরুণ ধারা । তারা বলেন অভিযোগ ভিত্তিহীন এটা বিরোধী দলের কাজ। এলাকার মানুষ জানে আমরা মানুষের জন্য কাজ করি, বলে দাবি করেন তারা।



