এস আই আর -এর নামে প্রান্তিক মানুষকে হয়রানির অভিযোগ, ব্লক অফিসে বামেদের ডেপুটেশন
আমার কথা, ২২ জানুয়ারী
রাকেশ লাহা, জামুরিয়া:
বৃহস্পতিবার এস আই আরের নামে প্রান্তিক মানুষকে হয়রানি ও নির্বাচন কমিশনকে বিজেপির দালালি করার অভিযোগ তুলে জামুরিয়া অজয় ইস্ট ও ওয়েস্ট এরিয়া কমিটির পক্ষ থেকে জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে বিক্ষোভ দেখালো বাম কর্মী সমর্থকরা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর কয়েকজনের একটি প্রতিনিধি দল জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে গিয়ে আধিকারিক এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এদিন দেখা যায় বামফ্রন্টের ডেপুটেশনের পাশাপাশি সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে চলছিল শুনানি প্রক্রিয়া। তাই কোন রকম কোন অশান্তির পরিবেশ যাতে সৃষ্টি না হয় তার জন্য সকাল থেকেই ঘটনাস্থলে মোতায়েন ছিল জামুড়িয়া থানার পুলিশ বাহিনী।
বিক্ষোভকারীদের মধ্যে উপস্থিত সিপিএম নেতা হারাধন গোপ জানান, আজ আমরা জামুরিয়া অজয় ইস্ট এবং অজয় ওয়েস্ট কমিটির যৌথ উদ্যোগে সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে একটি স্মারকলিপি তুলে দিলাম। আমাদের মূল দাবি, যেসব গরীব মানুষরা নিজেদের বাবা-মায়ের নামটাই ভালোভাবে বলতে পারেনা সেইসব মানুষদেরকে এস আই আর এর শুনানি কেন্দ্রে ডেকে বারংবার বিভিন্ন নথিপত্র চেয়ে কেন হয়রান করা হচ্ছে ?
অন্যদিকে তিনি আরো জানান, এই হয়রানির শিকার হচ্ছে অধিকাংশ আদিবাসী এবং সংখ্যালঘু মানুষজন। তাই আমাদের দাবি শুনানির নামে মানুষকে যেন বারংবার হেনস্থা না করা হয় এবং কোন প্রকৃত ভোটারদের নাম যেন বাদ না পরে।
এদিন একদিকে সিপিএমের ডেপুটেশনের পাশাপাশি চলছিল ‘সার’-এর শুনানি প্রক্রিয়ায় কাজ। তাই সিপিএমের ডেপুটেশনকে কেন্দ্র করে যাতে কোনরকম কোন অশান্তির পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য সকাল থেকেই পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন ব্লক অফিসে।



