স্থানীয় ঠিকাকর্মীদের বহিষ্কার, বদলির হুমকির প্রতিবাদে খনিতে বিক্ষোভ
আমার কথা, পান্ডবেশ্বর, ২৭ এপ্রিলঃ
স্থানীয় ঠিকা শ্রমিকদের বহিষ্কার, বদলির হুমকি দেওয়ার প্রতিবাদে সংস্থার পরিবহন বন্ধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দাদের একাংশ। বাঁকোলা এরিয়ার জোয়ালভাঙ্গা খোলা মুখ খনির ঘটনা।
রাষ্ট্রায়ত্ত কয়লা খনি সংস্থা ইসিএলের বাঁকোলা এরিয়ার জোয়ালভাঙ্গা খোলা মুখ খনিতে রবিবার পরিবহন আটকে বিক্ষোভ দেখালো বাসিন্দাদের একাংশ। বিক্ষোভ অবরোধ চলে বেলা এগারোটা থেকে বেশ কয়েক ঘন্টা। পরে পুলিশের মধ্যস্থতাই বিক্ষোভ ওঠে। বিক্ষোভকারীদের পক্ষে জোয়ালভাঙ্গার বাসিন্দা সুমিত মুখার্জী, সুকুমার মন্ডল বলেন এই খোলা মুখ খনিতে কয়লা উৎপাদন ও শ্রমিক নিয়োগের দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা। স্থানীয়দের বঞ্চিত করে সংস্থাতে সংখ্যাগরিষ্ঠ বহিরাগত শ্রমিকদের নিয়োগ করা হয়েছে। বর্তমানে সেখানে গ্রামের মাত্র ৩০ জন ঠিকা শ্রমিক হিসাবে কাজ করে। কয়েক দিন ধরেই তাদের বহিষ্কার অথবা অন্য কোথাও বদলি করে দেওয়ার হুমকি দিচ্ছে কর্তৃপক্ষ। স্থানীয়দের কোন ভাবেই কর্মচ্যুত অথবা বদলি করা চলবে না এই দাবিতেই এদিনের বিক্ষোভ, অবরোধ করা হয় বলে জানান তারা।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। বিক্ষোভকারীদের সাথে পুলিশ আধিকারিকেরা কথা বলেন । তাদের মধ্যস্ততাতেই কয়েক ঘণ্টা পর বিক্ষোভ ওঠে। বিষয়টি নিয়ে সংস্থার আধিকারিকদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



