দূষণের জেরে শ্বাসকষ্ট, চর্মরোগে জেরবার স্থানীয়রা কারখানায় ঢুকে বিক্ষোভ
আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ২৫ সেপ্টেম্বরঃ
দূষণে জেরবার সাধারণ মানুষ। প্রতিবাদে করঙ্গপাড়া সংলগ্ন এলাকার বেসরকারি কারখানার ভেতর ঢুকে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। পুজোর মুখে বাড়ির বাইরে বেরোনোও হয়ে দাঁড়িয়েছে আতঙ্কের কারণ। কালো ধোঁয়া আর উড়ছে ছাই, শ্বাসকষ্ট, চর্মরোগ, বুক ধরফরানি,এসবই সাধারণ মানুষের দৈনন্দিন ভয়াবহ বাস্তব। এলাকাবাসীর অভিযোগ, বেসরকারি লৌহ ও ইস্পাতসহ নানান কারখানার ইএসপি মেশিন সন্ধ্যা নামলেই বন্ধ হয়ে যায়। ফলে গোটা এলাকা দূষণে ঢেকে যায়, আর সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হয়। স্থানীয়রা বলছেন, শুধু অসুবিধাই নয়, স্বাস্থ্যঝুঁকি দিনের পর দিন বাড়ছে, কিন্তু কারখানাগুলোতে কোনো কার্যকর ব্যবস্থা নেই। তাই, পুজোর মুখে এই দূষণের বিরুদ্ধে তারা বাধ্য হয়ে সরাসরি বিক্ষোভে নেমেছেন। স্থানীয় বাসিন্দা রবিন ঘোষ বলেন, “দূষণের টেকা যাচ্ছে না। প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। তাই আমরা রাতেই বিক্ষোভে নেমেছি।” এবার দেখার বিষয়, প্রশাসন ও কর্তৃপক্ষ কতটা পদক্ষেপ নেবে, আর কবে এই দূষণ নিয়ন্ত্রণে আসবে এলাকাবাসীর জন্য শান্তির অপেক্ষা এখনও অব্যাহত।



