দু:শ্চিন্তায় গ্রাহক, সকাল থেকে সিলিন্ডারের জন্য লম্বা লাইন
আমার কথা, ১১ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
সকাল থেকেই ভোগান্তির চিত্র দেখা গেল দুর্গাপুরের মুচিপাড়ায় এইচএফসিআই-এ। এইচপি গ্যাস নেওয়ার জন্য ভোর থেকেই গ্রাহকদের দীর্ঘ লাইন পড়েছে। কেউ সকাল সাতটা থেকে, কেউ আবার সকাল আটটা থেকে দাঁড়িয়ে রয়েছেন গ্যাস সিলিন্ডার পাওয়ার আশায়। বুকিং সংক্রান্ত সমস্যার কারণে সাধারণ গ্রাহকদের হয়রানি যেন ক্রমেই বাড়ছে, আর সেই ছবিই সামনে উঠে আসছে।যদিও পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি গ্যাস এবং জ্বালানি তেলের মজুত রয়েছে। তবুও প্রশ্ন উঠছে বাস্তব পরিস্থিতি নিয়ে। যদি সত্যিই পর্যাপ্ত পরিমাণে গ্যাস মজুত থাকে, তাহলে সাধারণ মানুষকে কেন এত সমস্যার মুখে পড়তে হচ্ছে? কেন বুকিং করতে এত সমস্যা হচ্ছে এবং কেনই বা মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের কাছে অত্যাবশ্যকীয় পরিষেবা সহজলভ্য হওয়া উচিত, সেখানে যদি এমন ভোগান্তি তৈরি হয়, তবে তার জবাবদিহি থাকা প্রয়োজন।এদিকে গ্যাস নিতে আসা গ্রাহকদের ক্ষোভ স্পষ্ট। প্রছন্ন দাস নামে এক গ্রাহক বলেন, “যুদ্ধ করে গ্যাস নিতে হলো। বিরাট লাইন। চরম ভোগান্তি।” সুরেশ সাউ নামে আরেক গ্রাহক বলেন, “সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি। ফাঁকা সিলিন্ডার নিয়ে এসেছি। কিন্তু ভর্তি সিলিন্ডার নিয়ে বাড়ি যেতে পারব কিনা তাও বুঝতে পারছি না। তবুও এই গরমের মধ্যেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে।” সব মিলিয়ে, গ্যাস বুকিং এবং সরবরাহের সমস্যাকে কেন্দ্র করে দুর্গাপুরের মুচিপাড়ায় সাধারণ মানুষের দুর্ভোগের চিত্রই সামনে উঠে এসেছে। গ্রাহকদের দাবি, দ্রুত এই সমস্যার সমাধান করা হোক, যাতে ভবিষ্যতে আর এমন ভোগান্তির শিকার হতে না হয়।



