লরির ধাক্কা, প্রতিবাদে ১৪ নং জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের
আমার কথা, ৫ ফেব্রুয়ারী
রাকেশ লাহা, জামুরিয়া:
বৃহস্পতিবার আনুমানিক বেলা ১২ টা নাগাদ জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুনুস্তরিয়া কাঁটা মোড় সংলগ্ন এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে।
যার জেড়ে আহত হয় বছর ৪৫ এর আশীষ মন্ডল নামে স্থানীয় এক বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিপুর দিক থেকে একটি লড়ি পাঞ্জাবি মোড় অভিমুখে যাচ্ছিল। ঠিক সেই সময় কুনুস্তরিয়া কাঁটামোড় সংলগ্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল আশীষ বাবু , আচমকা পিছন দিক থেকে আসা লরিটি উনাকে ধাক্কা মারে ।
ঘটনায় অল্পবিস্তর আহত হন তিনি। তবে এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
প্রায় এক ঘন্টা অবরোধ করে দেয় ১৪ নম্বর জাতীয় সড়ক। দফায় দফায় স্থানীয়রা আওয়াজ তুলেন যথা শীঘ্রই কাঁটামোড় সংলগ্ন এলাকায় বাম্পার দিতে হবে, নচেৎ আমরা রাস্তা থেকে উঠবো না।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, এর আগেও ওই অংশে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন পথ চলতি মানুষ। কেউ গুরুতর আহত হয়েছেন, কেউবা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন । সেই সময় স্থানীয় বাসিন্দারা বাম্পারের দাবিতে বিক্ষোভ করলেও প্রশাসন কোনো রকম কোনো ব্যবস্থা করেনি।
তবে এদিনের ঘটনার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানা ও কেন্দা ফাঁড়ির পুলিশ।
স্থানীয়দের বুঝিয়ে দীর্ঘ এক ঘন্টা ধরে চলা অবরোধ পুলিশ উঠিয়ে দিলেও তাদের দাবি পূরণের আশ্বাস দেয় ।
বর্তমানে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক।



