শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
আমার কথা, ১৭ এপ্রিল
সনাতন গরাই, দুর্গাপুর:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগেই তৃণমূলের ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ। শুক্রবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের এবিএল হাসপাতাল এলাকায়। ওই এলাকায় দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের সমর্থনে লাগানো ব্যানারগুলি ফেলে দেওয়া হয়েছে এবং ছিঁড়ে দেওয়া হয়েছে। ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদে সরব হন এবং স্লোগান দিতে শুরু করেন। ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, অন্য রাজনৈতিক দল রাম ও বামপন্থী দলের ব্যানার অক্ষত থাকলেও শুধুমাত্র তৃণমূলের ব্যানার কেন ফেলে দেওয়া হল? এই প্রশ্ন তুলে সরব হয়েছেন দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দীপেন মাজি। তিনি সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকাকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার বলেন, “এই ধরনের নোংরা রাজনীতি করে কোনও লাভ নেই। আমরা বাংলার মানুষের উপর ভরসা রাখি। আগামী চার তারিখেই প্রমাণ হয়ে যাবে, বাংলা কার দখলে।” দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, “এই ধরনের কাজ তৃণমূলেরই সংস্কৃতি, আমাদের নয়।”




