NIT দুর্গাপুরের সাথে IIM বিশাখাপত্তনমের যৌথ উদ্যোগে চালু হতে চলেছে MBA
আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ১৯ সেপ্টেম্বরঃ
দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) ও আইআইএম বিশাখাপত্তনমের সঙ্গে অনলাইন বিজনেস ম্যানেজমেন্ট কোর্স চালু হল, যার সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হল শুক্রবার। দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এনআইটি দুর্গাপুরের ডিরেক্টর অরবিন্দ চৌবে-সহ অধ্যাপকরা উপস্থিত ছিলেন।
আইআইএম বিশাখাপত্তনমের পক্ষ থেকে জানানো হয়, এই অনলাইন এমবিএ প্রোগ্রামের ডিগ্রি পূর্ণকালীন রেসিডেনশিয়াল এমবিএ কোর্সের সম মানের হবে। বিশেষত এই কোর্সে ভর্তি হতে কোনও কমন অ্যাডমিশন টেস্ট (CAT) আবশ্যক নয়। সাশ্রয়ী খরচে সহজলভ্য এই কোর্সে পাঁচ বছরের মধ্যে একীভূতভাবে এমবিএ সম্পূর্ণ করার সুযোগ থাকছে। প্রযুক্তি ডিগ্রির (বি টেক/এম টেক) সমাপ্তির সঙ্গে সঙ্গেই এক বছরের মধ্যে এমবিএ অর্জনের সুযোগ মিলবে। আইআইএম বিশাখাপত্তনমের প্রাক্তন ছাত্রদের মর্যাদা ও ডিগ্রিসহ বাড়বে কর্মসংস্থানের সুযোগ এবং পেশাগত উন্নতির পথ।ডিরেক্টর অরবিন্দ চৌবে বলেন, “এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে, যাতে তারা জাতীয় পর্যায়ের শীর্ষ ম্যানেজমেন্ট শিক্ষার সুযোগ পাবে অনলাইনের মাধ্যমে।”



