বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করলেন বিধায়ক
আমার কথা, ২১ জানুয়ারী
সার্থক কুমার দে, পান্ডবেশ্বর:
গত বছর জানুয়ারি মাসে পাণ্ডবেশ্বর এর অজয় নদের ঘাটে শিলান্যাস হয়েছিল ইলেকট্রিক চুল্লি স্থাপন কাজের। সম্প্রতি চুল্লি স্থাপনের কাজ শেষ হয়েছে। বুধবার তার উদ্বোধন করলেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অনুভা চক্রবর্তী, পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুমা রুইদাস, উখড়া রোটারি ক্লাবের প্রেসিডেন্ট অনুজ সরাফ সহ অন্যরা। উল্লেখ্য দে গ্রুপ সংস্থার সিএসআর অনুদানে চুল্লি স্থাপন প্রকল্পটি বাস্তবায়িত করে উখড়া রোটারি ক্লাব। খরচ হয়েছে মোট ২ কোটি ৩০ লক্ষ টাকা। রোটারি ক্লাবের পক্ষে বিশাললাল সিংহ হান্ডে ও দে গ্রুপের কর্ণধার সন্দ্বীপ দে বলেন এলাকায় কাছাকাছি ইলেকট্রিক চুল্লি ব্যবস্থা না থাকায় শবদাহ করার জন্য আগে এলাকার মানুষজনকে যেতে হতো দুর্গাপুর, রাণীগঞ্জ অথবা আসানসোলের মতো দূরবর্তী জায়গাতে। এই প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কারণে শুধু পশ্চিম বর্ধমান নয় পার্শ্ববর্তী বীরভূম জেলার মানুষও উপকৃত হবে। প্রকল্পটি পরিচালনা করবে পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি। এদিন উদ্বোধনের পর প্রকল্প পরিচালনার দায়ভার তুলে দেওয়া হয় পঞ্চায়েত সমিতির সভাপতি রমা রুইদাসের হাতে। প্রকল্প রূপায়নের জন্য রোটারি ক্লাব ও দে গ্রুপকে ধন্যবাদ জানান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বলেন এই প্রকল্পে ১৫ জনের কর্মসংস্থান হবে । শবদাহ করার জন্য এখানে নূন্যতম খরচ লাগবে বলে জানান তিনি।



