সিটিসেন্টারে বাইক আরোহীর থেকে মোবাইল ছিনতাই
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ১৫ অক্টোবর:
ভর সন্ধ্যেবেলা দুর্গাপুরের অভিজাত এলাকা সিটিসেন্টারে ফের ছিনতাইয়ের ঘটনা ঘটল। এক বাইক আরোহীর দামি মোবাইল ছিনিয়ে নিয়ে গেল দুই ছিনতাইকারী। ঘটনাটি ঘটেছে সিটিসেন্টারের কবিগুরু এলাকায়।
জানা গিয়েছে, বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির বাসিন্দা চিত্তরঞ্জন কুন্ডু নামে এক যুবক বুধবার সন্ধ্যে ৬.৩০ নাগাদ রাস্তার ধারে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করা মাত্রই অপর একটি বাইকে দুজন দুষ্কৃতি এসে নিমেষে মোবাইলটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। প্রথমে হতচকিত হয়ে পড়েন তিনি। পরে তিনি সিটিসেন্টার ফাঁড়িতে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রসঙ্গত: গত ২৬ আগস্ট সন্ধ্যেবেলা সিটিসেন্টারে বিদিশা বাস স্ট্যান্ড থেকে কিছুটা দুরেই এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। যদিও চার জনের মধ্যে একজন সাথে সাথেই ধরা পড়ে গিয়েছিল তাকে জেরা করে ঘটনার দিন রাতেই বাকিরাও ধরা পড়ে যায়।
তবে শহরের প্রাণকেন্দ্রে বারংবার এরকম ঘটনায় বেশ নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার বাসিন্দারা।



