দুর্গাপুরে মেয়ের বিয়ের আগেই সর্বস্ব চুরি, ভেঙে পড়লেন বিধবা মা
আমার কথা, দুর্গাপুর, ২৯ মেঃ
স্বামী মারা গেছেন অনেকদিন হল। বহু কষ্ট করে একমাত্র মেয়েকে বড় করেছেন। বর্তমানে মেয়ে ভিন রাজ্যে চাকরি করছেন। সেই মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, আর সেই উপলক্ষ্যে বিয়ের সামগ্রী কেনাকাটা করছিলেন মধুমিতাদেবী। কিন্তু স্বর্বস্ব নিয়ে গেল দুষ্কৃতকারীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
দুর্গাপুরের এ-জোন ফাঁড়ির অন্তর্গত বিদ্যাসাগরপল্লীর বাসিন্দা মধুমিতা পাল একটি বেসরকারী সংস্থায় কর্মরতা। মেয়ে হায়দরাবাদে চাকরি করেন। একমাত্র মেয়ের বিয়ে ঠিক হয়েছে। সেই উপলক্ষ্যে তিনি সোনার গয়না থেকে শুরু করে পাত্রকে আশীর্বাদ করার জন্য ঘড়ি, সোনার আংটি সহ বেশ কিছু দানসামগ্রী কিনেছেন। সেগুলি বাড়িতে আলমারীতেই রাখা ছিল। গতকাল অর্থাৎ বুধবার রাতে কাজের থেকে ফিরে মধুমিতাদেবী দেখেন ঘরের দরজা সামান্য খোলা। তিনি ভাবেন মেয়ে হয়ত তাঁকে না জানিয়েই হায়দরাবাদ থেকে বাড়ি ফিরেছে। কিন্তু ঘরে ঢুকে তাঁর মাথায় আকাশ ভেঙে পরে। দেখেন পুরো ঘর লন্ডভন্ড। চুরি গেছে বিয়ের সামগ্রী থেকে শুরু করে দামি জিনিসপত্র। কান্নায় ভেঙে পড়েন মধুমিতাদেবী। এখন মেয়ের বিয়ে দেবেন কি করে তাই নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন।
খবর দেওয়া হয় পুলিশকে। এ-জোন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।



