রহস্যজনক প্রত্যাবর্তন দুর্গাপুরের নিখোঁজ ৪ নাবালকের, উস্কে দিল জল্পনা
আমার কথা, দুর্গাপুর, ১৮ জুন:
দীর্ঘ জল্পনা কল্পনার পর শেষে নিখোঁজের জায়গাতেই সন্ধান মিলল চার নাবালকের। যদিও পুলিশের হাত ছাড়িয়ে এক নাবালক পালিয়ে যায়। এতদিন কোথায় ছিল ওই চার নাবালক, তারা আবার ফিরেই বা এলো কি করে, আর চতুর্থজনই বা কেন আবার পালালো? এখন এই সব প্রশ্ন ঘুরছে শিল্পাঞ্চলবাসীদের মনে।
দুর্গাপুরের কুড়ুরিয়া ডাঙ্গার পাসিপাড়ার চার প্রান্তিক শিশু আকাশ পাসি(৮), বিজু পাসি(৬), মিলন পাসি(৯) ও কিষান পাসি(১২)। পুলিশ সুত্রে জানা যায়, গত ৫ জুন বেনাচিতি বাজারে যায় আম বিক্রি করতে। সন্ধ্যের পরেও বাড়ি না ফেরায় নানা জায়গায় খোঁজ করেও শিশুগুলির সন্ধান না মেলায় ৭ জুন পুলিশের দ্বারস্থ হন নাবালকদের বাবা মায়েরা৷ দুর্গাপুর থানার পুলিশ শিশুগুলির সন্ধান শুরু করে। এরপরেই ঘটনার রহস্যজনক মোড় নেয়। আজ বুধবার বিকেলে ওই চার নাবালকের খোঁজ মেলে বেনাচিতি বাজারেই। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ বেনাচিতি বাজারে যায়। আকাশ, মিলন ও বিজুকে পুলিশ নিজেদের জিম্মায় নিলেও পুলিশকে দেখে স্থানীয় একটি পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় কিষান।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, শিশুগুলির কথায় রয়েছে অনেক অসঙ্গতি। কখনো ওই তিন শিশু পুলিশকে জানায় তারা ট্রেনে করে কলকাতায় চলে গিয়েছিল। আবার কখন তারা বলছে তারা বেনাচিতি এলাকাতেই ছিল। ওই চার নাবালক কি তাহলে কোনো কারনে পালিয়ে যাওয়ার মতলবে ছিল? যদি তাই হয় তাহলে কেন তারা পরিবার পরিজন ছেড়ে পালাতে চাইছিল? আর যদি পালাতেই চায় তো তাহলে আবার ফিরে এলো কেন? এদিকে পুলিশ দেখে কিষানের পালিয়ে যাওয়াও একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরী করেছে৷ কেন কিষান পুলিশ দেখে পালিয়ে গেল? তাহলে সত্যিই তারা কেউই আর পরিবারের কাছে ফিরতে চায় না? পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে, সাথে কিষানেরও খোঁজে তল্লাশি চালাচ্ছে।



