সরকারী হাসপাতালে মা ক্যান্টিনের জন্য তৈরি হল নতুন সেড
আমার কথা, ৬ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রতিদিন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম সহ একাধিক জেলার বহু রোগী এবং তাদের পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য আসেন। তাদের কথা মাথায় রেখে আগেই শুরু হয়েছিল পাঁচ টাকার ডিম-ভাতের ব্যবস্থা, যা সাধারণ মানুষের জন্য বড় সহায়ক হয়ে উঠেছে। এবার সেই মা ক্যান্টিনের সুবিধা আরও বাড়াতে একটি নতুন সেড তৈরি করল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। শুক্রবার দুপুরে এই সেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সুমন বিশ্বাস, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা. ধীমান মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,” রাজ্য সরকারের মূল লক্ষ্য সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দৈনন্দিন সমস্যার সমাধান করা। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় অনেক দূর-দূরান্ত থেকে মানুষ চিকিৎসার জন্য আসেন। তাদের খাবার এবং বসার সুবিধা নিশ্চিত করতেই মা ক্যান্টিন চালু করা হয়েছিল। এখন নতুন সেড তৈরি হওয়ায় রোগী ও তাদের পরিজনেরা আরও স্বাচ্ছন্দ্যে বসে খাবার খেতে পারবেন এবং কিছুটা বিশ্রামও নিতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে মা ক্যান্টিন সাধারণ মানুষের জন্য বড় সহায়ক হয়ে উঠেছে। খুব কম খরচে পুষ্টিকর খাবার পাওয়ায় বহু মানুষ উপকৃত হচ্ছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই নতুন সেড তৈরি হওয়ায় সেই পরিষেবা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের সুবিধা বাড়বে।”



