এলাকায় এসে স্বচ্ছ পাণ্ডবেশ্বর গড়ে তোলার ডাক দিলেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক
আমার কথা, ৭ এপ্রিল
সার্থক কুমার দে, পান্ডবেশ্বর:
নির্বাচনের ফলাফল ঘোষণার তিন দিনের মাথায় বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের চন্দ্রডাঙ্গাতে এলেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক জিতেন্দ্রনাথ তেওয়ারী । নতুন বিধায়ককে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও । দলের পক্ষ থেকে এলাকায় এদিন স্বচ্ছ ভারত কর্মসূচিতে সাফাই অভিযান করা হয় । সেই অভিযানে ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করতে দেখা যায় বিধায়ক জিতেন্দ্র তেওয়ারিকে । তিনি বলেন আমাদের লক্ষ্য স্বচ্ছ পাণ্ডবেশ্বর গড়ে তোলা । এদিন চন্দ্রডাঙ্গাতে সেই অভিযানের সূচনা হলো । এখন থেকে প্রতিদিন বিজেপি কর্মীরা নিজের নিজের এলাকাকে পরিষ্কার প্রচ্ছন্ন রাখার জন্য কাজ করবে । নিজের নিজের এলাকা পরিচ্ছন্ন রাখলে গোটা এলাকায় পরিচ্ছন্ন হবে বলে জানান তিনি । জিতেন্দ্র নাথ বাবু কর্মীদের উদ্দেশ্যে বলেন যারা পরাজিত হয়েছে তাদের সাথে কেউ দুর্ব্যবহার করবেন না । এখন থেকে উন্নয়নের প্রতিযোগিতা হোক । পাশাপাশি তিনি বলেন আমি এলাকার সবার বিধায়ক । যারা আমাকে ভোট দিয়েছে তাদের বিধায়ক যেমন তেমনি যারা ভোট দেয়নি আমি তাদেরও বিধায়ক । সরকারি প্রকল্প এলাকার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না বলে জানান তিনি ।



