“সংস্কারে মেলেনি সহায়তা” -দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে কেন্দ্রকে তুলোধনা সেচমন্ত্রীর
আমার কথা, দুর্গাপুর, ২০ জুন:
দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে গিয়ে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। রাজ্য সরকার একাধিকবার বলা সত্বেও ড্রেজিং করছে না কেন্দ্র, ফলে বৃষ্টির মধ্যে চরম সমস্যা তৈরী হচ্ছে। যদি দামোদর নদে ড্রেজিং করা হয় তাহলে জটিল সমস্যা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। কেন্দ্রের প্রতি ক্ষোভ প্রকাশ করে বললেন রাজ্যের সেচমন্ত্রী। মানসবাবু বলেন, “কেন্দ্র সরকারকে আমরা গত ১২ বছর ধরে বলে আসছি যে ড্যামগুলোর ক্যাপাসিটি কমে গেছে। ড্রেজিং করানোর জন্য মুখ্যমন্ত্রী একাধিকবার জানিয়েছেন। দিল্লিকে বলেছেন, জলশক্তি মন্ত্রককে বলেছেন, ডিভিসিকে বলেছেন, এমনকি প্রধানমন্ত্রীকেও বলেছেন। কিন্তু তারা খালি দেখছি দেখছি করেই কাটিয়ে দিচ্ছে।
১লা মে দুর্গাপুর ব্যারেজের সেতু মেরামতের কাজে হাত দেয় সেচদপ্তর। সেই কাজ ১৫ জুন শেষ হয়। শুক্রবার সকালে রাস্তা সংস্কারের কাজ দেখতে আসেন মানস ভুঁইয়া। সেই কাজ দেখতে গিয়েই কেন্দ্রের বঞ্চনার বিষয়ে সরব হন তিনি। এর পাশাপাশি সেচমন্ত্রীর আরো অভিযোগ, ২০১৫ সাল থেকে আজ পর্যন্ত্য কোনো সাহায্য করেনি কেন্দ্র। মুখ্যমন্ত্রী যেটুকু রেভিন্যু সংগ্রহ করতে পারছেন সেটুকু দিয়েই কাজ করছেন। একটা টাকাও কেন্দ্র দেয় না”।
এদিন মানস ভুঁইয়ার কাছে দ্বিতীয় বিকল্প সেতুর জন্য দাবিপত্র জমা করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী।
এদিকে কেন্দ্রীয় বঞ্চনার কথা তোলায় সরব হয় বিজেপি নেতৃত্ব। দুর্গাপুর বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দোপাধ্যায় বলেন, “পশ্চিমবঙ্গকে সব থেকে বেশি টাকা দেওয়া হয়েছে। টাকাটা আসে, কিন্তু এরা হিসেবটা দেন না। আর টাকাটাকে এরা চুরি করে। চুরি বন্ধ করতে হবে, হিসেব দিতে হবে, আর টাকাটা মানুষের কাজে ব্যবহার করতে হবে। তাহলেই কেন্দ্র সরকার টাকা দেবে”।
এদিন ব্যারেজের সেতু সংস্কারের কাজ ঘুরে ঘুরে দেখেন মানস ভুঁইয়া। কোথায় কোথায় সমস্যা রয়েছে তাও খতিয়ে দেখেন তিনি।



