দলীয় বুক স্টল নয়, এক ধাপ এগিয়ে পুজোতে কংগ্রেসের রাজনৈতিক স্টল
আমার কথা, তনুশ্রী চৌধুরী, পানাগড়, ২৮ সেপ্টেম্বরঃ
বিগত দিনে দুর্গাপুজো মন্ডপের সামনেই দেখা যেত বামেদের বুক স্টল।সেখানে বিভিন্ন বাম নেতৃত্বের লেখা বই বিক্রি করা হত। পরে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর তৃণমূলের দলীয় পত্রিকা জাগো বাংলার স্টল দিতে দেখা গিয়েছে।তবে এবার বুক স্টল নয় সরাসরি রাজনৈতিক স্টল দেখা গেলো পানাগড় বাজারে। সেখানে পুরাতন জাতীয় সড়কের ধারে কংগ্রেসের একটি স্টল উদ্বোধন করেন কংগ্রেসের ব্লক সভাপতি পুরব ব্যানার্জি। ফিতে কেটে এদিন স্টলের উদ্বোধন করা হয়।তবে এই স্টলে কোনো রকম বই বা দলীয় পতাকা বা লোগো বিক্রি হবে না। তার বদলে এই স্টল থেকেই সই সংগ্রহ করা হবে বলে জানা গেছে।
পুরব ব্যানার্জি জানিয়েছেন,প্রদেশ কংগ্রেসের নির্দেশে কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ভোট চোর গদি ছোড় এই স্লোগান তুলে তারা স্টল দিয়েছেন।মূলত কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপির ভোট চুরি প্রমান দিয়ে প্রকাশ্যে এনেছেন।সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবি নিয়েই তারা এই কর্মসূচী নিয়েছেন। তাঁর দাবি পানাগড়ের বহু মানুষ সমর্থন জানিয়ে তাদের কাউন্টারে এসে সই করবেন। সেই সই করা দাবি নিয়ে তারা উচ্চ নেতৃত্বের হাতে তুলে দেবেন।



