ধসের ঘটনায় আতঙ্ক ছড়ানো স্কুল চত্বরে
আমার কথা, পান্ডবেশ্বর, ৫ জুনঃ
ধসের ঘটনায় আতঙ্ক ছড়ালো স্কুল চত্বরে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বর ব্লকের হরিপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ধসের জায়গাটি ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে দুর্ঘটনা এড়াতে।
গরমের ছুটির পর সোমবার থেকে শুরু হয়েছে সরকারি স্কুলে পঠন-পাঠন। বৃহস্পতিবার অন্যান্য দিনের মতো পাণ্ডবেশ্বর ব্লকের হরিপুর গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে চলছিল ক্লাস। দুপুর দুটো নাগাদ আচমকা স্কুলের অফিসের সামনে ঘটে ধসের ঘটনা। মাটি বসে যাওয়ায় সেখানে গভীর গর্ত তৈরি হয়। আতঙ্ক ছড়ায় পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারদের মধ্যে। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় ইসিএলের হরিপুর কোলিয়ারির আধিকারিকেরা। দ্রুত ধসের জায়গাটি ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া হয় দুর্ঘটনা এড়াতে। স্কুলের শিক্ষিকা সুজাতা শীল বলেন সামনেই ইসিএলের কয়লা খনি রয়েছে। এলাকাটি ধসপ্রবণ। গত বছর ভূগর্ভে বিস্ফোরণের কারণে স্কুলের দেওয়ালে ফাটল ধরে। সংশ্লিষ্ট খনির আধিকারিকেরা পরিদর্শন করে স্কুলটি স্তরান্তিত করার উদ্যোগ নেয়। কিছুটা দূরে বিকল্প স্কুল তৈরি করা হয়েছে । খুব শীঘ্রই নতুন তৈরি হওয়া স্কুলে পঠন-পাঠন শুরু হবে বলে জানান তিনি।



