পশ্চিম বর্ধমান জেলা যোগাসন প্রতিযোগিতা
আমার কথা, দুর্গাপুর, ২৪ আগস্ট:
সংবাদদাতা: প্রণয় রায়
পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন এর ৫১ তম বর্ষপূ্র্তি উপলক্ষে দুর্গাপুর স্টেশন সংলগ্ন গ্যামন ব্রীজের কাছে ডি পি এল স্টেশন ক্লাবে তারা যোগা সেন্টার এর সহযেগিতায় জেলা যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এই যোগাসন প্রতিযোগিতায় পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া থেকে প্রায় ৪৫০ জন শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী প্রতিযোগী অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে এসোসিয়েশনের পক্ষ থেকে যোগ ব্যায়ামের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যাক্তিকে সম্বর্ধনা দেওয়া হল। এরপর পাঁচ বছর বয়সী থেকে ষাট উর্ধ্ব বয়সী শিশু কিশোর, তরুণ, তরুণী সহ বিভিন্ন বয়সী পুরুষ ও মহিলাদের মধ্যে যোগাসন প্রতিযোগিতা শুরু হল। এক একটা গ্রুপের প্রতিযোগিতার পর বিজয়ী প্রথম দশজনকে পুরস্কার প্রদান করা চলতে থাকলো। বর্ষণসিক্ত দিনটিতে সারাদিন ধরে প্রচন্ড উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে প্রতিযোগিতা চলতে থাকে। প্রতিটি প্রতিযোগিতা শেষে অংশগ্রহণ কারী প্রতিটি প্রতিযোগীকে শংসা পত্র ও স্মারক উপহার দেওয়া হয় এবং প্রতিযোগিতায় বিজয়ী প্রথম দশজনকে পুরস্কৃত করা হয়।
পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন এর সম্পাদক শ্রী সুব্রত রায় এসোসিয়েশনের ৫১ বর্ষপূর্তি অনুষ্ঠান সফল করতে এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত সবার সক্রিয় সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি জানান পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আগামী ২৯ ও ৩০ আগস্ট এন এইচ এস এম শিক্ষা প্রতিষ্ঠান প্রেক্ষাগৃহে জেলা পাওয়ার লিফটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এই প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে চাম্পিয়নস অফ চাম্পিয়ন হয়ে সোনার মেয়ের সম্মান লাভ করে বর্ধমান যোগ কালচার অ্যাসোসিয়েশন এর সদস্যা সংহিতা ব্যানার্জী
ছেলেদের মধ্যে চাম্পিয়নস অফ চাম্পিয়ন হয়ে সোনার ছেলে সম্মানে সম্মানিত হয় সত্যম সিং।
সামগ্রিকভাবে সেরা দলের সম্মান পেয়ে চাম্পিয়ন হয় দুর্গাপুর ফিটনেস আকাদেমি,
দ্বিতীয় সেরা দল হয় বর্ধমান যোগ কালচার অ্যাসোসিয়েশন ও তৃতীয় সেরা স্থান পশ্চিমবর্ধমান অর্জন করে তারা যোগ সেন্টার।
প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা তরুণ মুখার্জি বলেন সারদিন ধরে আয়োজিত এই প্রতিযোগিতা ঘিরে এখানকার মানুষদের মধ্যে প্রচন্ড উৎসাহ দেখা যায়। তিনি বলেন যোগ ব্যায়ামের প্রসারে পশ্চিম বর্ধমান ডিসট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে।



