মর্মান্তিক! দুর্গাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু শিশুকন্যার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৩ জুলাইঃ
শনিবার সকালে দুর্গাপুরে মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ৫ বছেরের এক শিশুকন্যার। সূত্রের খবর দুর্গাপুরের ২২ নম্বর ওয়ার্ড সিটি সেন্টার সন্নিহিত সোনারতরী আবাসনের ছাদে খেলতে গিয়ে মৃত্যু হয় ওই শিশুর। মৃতের নাম লাভলী শর্মা। শনিবার দুপুরে আবাসনের ছাদে খেলতে যায় লাভলী। খেলতে খেলতে ছাদের ওপরে থাকা জলের পাইপলাইনে হাত দেয় লাভলী তারপরেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। সূত্রের খবর সোনার তরী কে ব্লকের বেশ কয়েকটি বাড়ি দীর্ঘদিন ধরেই শর্ট সার্কিট হতো, এলাকাবাসীর অভিযোগ বারবার বিদ্যুৎ দপ্তরে আর্জি দেওয়াতেও গুরুত্ব দেয়নি দপ্তর , যার কারণে এই মর্মান্তিক ঘটনায় প্রাণ দিতে হলো একটি পাঁচ বছরের শিশুকে। মাঝেমধ্যে অবশ্য বিদ্যুৎ দপ্তর থেকে ঠিক করে দিয়ে গেলেও পুনরায় একই পরিস্থিতি তৈরি হতো। এলাকাবাসীর মতে এই বিল্ডিংগুলোর আর্থিং সঠিক নেই যার কারণে বারবার এই বিল্ডিং গুলো শর্ট সার্কিট হয়ে যেত। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ ।মৃতদেহটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার জেরে পাড়া প্রতিবেশীদের মধ্যে ক্ষোভ জন্মায়। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।



