রোগী মৃত্যু, গাফিলতির অভিযোগ তুলে পরিজনদের বিক্ষোভ
আমার কথা, লাউদোহা, ১৪ মে:
রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো স্বাস্থ্যকেন্দ্রে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখায় মৃতের পরিজনেরা। দুর্গাপুর ফরিদপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা।
মঙ্গলবার রাতে দুর্গাপুর ফরিদপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের মৃত্যু হয় শেখ ওমর (৫৮) নামে এক ব্যক্তির। চিকিৎসায় গাফিলতির কারণেই ওমরের মৃত্যু হয় বলে অভিযোগ তার পরিবার। ঘটনা সূত্রে জানা যায় রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা শেখ ওমরকে অসুস্থ অবস্থায় মঙ্গলবার সকালে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন তার পরিবারের লোকেরা। সে সময় স্বাস্থ্যকেন্দ্রর চিকিৎসকেরা জানান এখানে তার চিকিৎসা সম্ভব নয়। একথা শোনার পর ওমরকে বাড়ি নিয়ে ফিরে যায় তার পরিবারের লোকেরা। বিকেল বেলায় শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় ওমরকে নিয়ে আসা হয় স্বাস্থ্য কেন্দ্রে। রাতে তার মৃত্যু হয়। এরপরে হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকজনেরা। শুরু হয় বচসা ঝামেলা। মৃত ওমরের পরিবারের লোকেদের অভিযোগ সকালবেলায় স্বাস্থ্য কেন্দ্রে থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়। রোগীকে রেফার করা হয়নি। রেফার করা হলে রোগীকে অন্যত্র নিয়ে গিয়ে চিকিৎসা করা সম্ভব হতো। সন্ধ্যেবেলায় ওমরকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা সময় মতো তার চিকিৎসা শুরু করেনি বলে অভিযোগ। মৃতের পরিবারের লোকেরা কর্মরত চিকিৎসককে বদলি করার দাবী জানান। বিক্ষোভের খবর পেয়ে রাতে হাসপাতালে ছুটে আসে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। পুলিশের মধ্যস্থতায় গভীর রাতে পরিস্থিতি শান্ত হয়। হাসপাতাল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনাটির বিষয়ে।



