BREAKING! ওভারটেকের ফল, বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ পিক-আপ ভ্যানের, জখম প্রায় ২০
আমার কথা, তনুশ্রী চৌধুরী, কাঁকসা, ৫ অক্টোবর:
ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটলো পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে কাঁকসার দু নম্বর কলোনি এলাকায়। দুর্ঘটনায় আহত হয় কম বেশি প্রায় ২০ জন। যার মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার জেরে পিকআপ ভ্যানের সামনের অংশ তুবড়ে যায়। চালক গাড়ির মধ্যেই আটকে পড়ে। প্রায় আধ ঘন্টার চেষ্টায় ক্রেনের সাহায্যে চালককে উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।
স্থানীয়রা জানিয়েছেন, হাড় বোঝাই পিকআপ ভ্যানটি পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়ক ধরে কাঁকসার দিক থেকে বোলপুরের দিকে যাচ্ছিল। উল্টো দিকে দুমকা থেকে বর্ধমানে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। সেই সময় পিকআপ ভ্যানটি লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে বন্ধ থাকে যান চলাচল। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ্ বাস ও পিকআপ ভ্যানটি অন্যত্র সরিয়ে রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে।



