BREAKING! ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঝামেলা, জখম পুলিশ
আমার কথা, ১ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
দুর্গাপুরের ৫৪ ফুটের চয়ন মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে উত্তেজনা। এক মহিলা স্কুটি নিয়ে খেলার মাঠের পিচে ঢুকে যায় বলে অভিযোগ। তাকে ঘিরেই শুরু হয় বচসা। হাতাহাতি পর্যায়ে পৌঁছে যায়। দুর্গাপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সাথেও শুরু হয় বচসা। পুলিশ সূত্রে জানা গেছে, দু’জন মহিলা পুলিশ কর্মী গুরুতর আহত হয়। তাদের ভর্তি করা হয় গান্ধী মোড়ের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।
প্রসঙ্গত: চয়ন মাঠে নকআউট স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। দ্বিতীয় দিনেই এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। উদ্যোক্তা রানা শিকদার বলেন,”ওই মহিলার স্বামী চার চাকা নিয়ে যাচ্ছিলেন তখনই প্রথমে কোন গন্ডগোল হয়। পরবর্তীকালে ওই মহিলা স্কুটি নিয়ে একদম ক্রিকেট পিচে চলে আসেন। তার থেকেই অশান্তির সুত্রপাত। পরিস্থিতি যখন ঘোরালো হয়ে ওঠে তারপরেই খবর পেয়ে পুলিশ আসে। পুলিশও ওই মহিলাকে পিচ থেকে সরাতে না পারায় এলাকাবাসীর সাথে বচসা শুরু হয় মহিলার। তারপরেই চরম গন্ডগোল শুরু হয়। সেই গন্ডগোলের মাঝেই দু’জন মহিলা পুলিশ কর্মী আহত হন। তবে আমরাও পুলিশকে সহযোগিতা করছি। যে বা যারা করেছে তাদের শাস্তি চাইছি।”
যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় জানান,”ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটে। আমাদের পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে কি ঘটনা ঘটেছিল সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।”



