পুলিশের জালে হার ছিনতাই চক্রের দুই দুষ্কৃতি, গ্রেফতার কুখ্যাত লক্ষ্মী ডাকাত
আমার কথা, দুর্গাপুর, ১০ এপ্রিল:
সোনার হার ছিনতাইয়ের দলের দুই সদস্যকে গ্রেফতার করলো পুলিশ। তাকে আদালতে পেশ করা হলে বিচারক পুলিশী হেফাজতের নির্দেশ দেন। পুলিশের এই সাফল্যে কিছুটা স্বস্তিতে শিল্পাঞ্চলের বাসিন্দারা।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ইদানিং কালে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় বাইকে করে সোনার গয়না ছিনতাই করতো দুষ্কৃতিরা। থানাতে অভিযোগও দায়ের হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি এরকম ছিনতাই এর ঘটনার। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ছিনতাইবাজরা মূলত: পথ চলতি মহিলাদেরই টার্গেট করতো। বুধবার বিকেল আনুমানিক ৫টা নাগাদ কোকওভেন থানার অন্তর্গত ডিপিএল কলোনীতে নাম্বার প্লেট বিহীন একটি বাইকে সওয়ার দুই ব্যাক্তি ঘুরে বেড়াচ্ছে। তা দেখে পুলিশের সন্দেহ হওয়ায় তারা ওই দুই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশী জেরার মুখে পড়ে অপ্রস্তুত দুই ব্যাক্তি পালানোর চেষ্টা করে একজন পালিয়ে গেলেও অপরজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতের নাম মনিরুল মিদ্দা(৪০)। বড়জোড়ার বাসিন্দা। এরপর ধৃত মনিরুলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ অপর ছিনতাইবাজকে কোকওভেন থানার গ্রেফতার করতে সক্ষম হয়। দ্বিতীয় জনের নাম লক্ষ্মী সাহানী(৫০), বোলপুরে নিজের এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। লক্ষ্মীর নামে দুর্গাপুর মহকুমার নামে বিভিন্ন থানায় নানা ডাকাতির ঘটনার সাথে নাম রয়েছে। বুধবার অভিযুক্ত দুই দুষ্কৃতি কোনো অপরাধ সংগঠিত করার জন্যই ডিপিএল এলাকায় জড়ো হয়েছিল। পুলিশী জেরায় এরা নিজেদের অপরাধের কথা স্বীকার করেছে। ধৃতদের বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।



