দু’সপ্তাহের মধ্যে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করলো পুলিশ
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৯ জানুয়ারী:
আবারো বড়সড় সফল্য দুর্গাপুর থানার পুলিশের। ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেপ্তার তিন প্রতিবেশী। উদ্ধার নগদ টাকা সহ চুরি যাওয়া জিনিসপত্র। খুশি বাড়ির মালিক। শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ। ২০২৫ সালের ডিসেম্বর মাসের ২৬ তারিখ দুর্গাপুরের বেনাচিতির অন্নপূর্ণা নগরের প্রেম কুমার তালা বন্ধ করে আত্মীয়র বাড়িতে গেছিলেন। চলতি বছরের ৩ তারিখ বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির আলমারি ভাঙা। উধাও নগদ কুড়ি হাজার টাকা, সোনা রুপোর অলংকার সহ বাসন পত্র। তারপরেই তিনি দুর্গাপুর থানার এ-জোন ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। দুর্গাপুর থানার সাব ইন্সপেক্টর নাজমুল হুদার নেতৃত্বে চলে তদন্ত। তদন্তের ভিত্তিতে উঠে আসে এলাকার তিনজনের নাম মনিশ প্রসাদ, ছোট্টু গরাই ও দিলীপ সাউ। তিনজনকেই অন্নপূর্ণা নগর থেকে গ্রেফতার করা হয়। তারপরেই তাদের জেরা করে উদ্ধার হয় চুরি যাওয়া জিনিসপত্র ও নগদ টাকা। পুলিশের সাফল্যে খুশি এলাকার মানুষজন। বাড়ির মালিক প্রেম কুমার ভার্মা বলেন,”অত্যন্ত তৎপরতার সাথে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। কিন্তু যারা গ্রেপ্তার হচ্ছে তারা সকলেই আমাদের পাড়ার। তারা যে চুরি করতে পারে সেটা ভেবেই অবাক লাগছে। তবে পুলিশকে ধন্যবাদ।”



