নতুন প্রতিভা খুঁজতে জাতীয় কংগ্রেসের ‘মুখপাত্র সন্ধান’ কর্মসূচী
আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ১৮ সেপ্টেম্বর:
ভারতীয় জাতীয় কংগ্রেস নতুন প্রতিভা খুঁজতে শুরু করেছে অভিনব উদ্যোগ, “মুখপাত্র সন্ধান”। দলের আদর্শ ও নীতির ভিত্তিতে উপযুক্ত মুখপাত্র বাছাইয়ের লক্ষ্যে রাজ্যের পাঁচ জোনে চলছে এই সাক্ষাৎকারভিত্তিক মনোনয়ন প্রক্রিয়া। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুর্গাপুরের পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কার্যালয়ে ৬ টি জেলা নিয়ে চলছে জোন–৩-এর বাছাই পর্ব। এই পর্বে অংশ নিচ্ছেন পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার প্রতিযোগীরা। দিল্লির AICC ও কলকাতার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সরাসরি উপস্থিত থেকে প্রতিযোগীদের সাক্ষাৎকার নিচ্ছেন। এখান থেকে নির্বাচিত প্রার্থীরাই পরবর্তী ধাপে কলকাতার চূড়ান্ত পর্বে অংশ নিয়ে যোগ্যতার প্রমাণের ভিত্তিতে হবেন দলের পরবর্তী প্রজন্মের প্রবক্তা বা মুখপাত্র। জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন,”রাহুল গান্ধীর নেতৃত্বে মুখপাত্র সন্ধান কর্মসূচি শুরু হয়েছে। শুধু কলকাতা থেকে মুখপাত্র নেওয়া হবে বা নেতার ছেলে নেতা হবে এই ধারণা ভাঙার জন্যই জেলায় জেলায় এই কর্মসূচি শুরু হয়েছে। দুর্গাপুরেও এই কর্মসূচি চলছে।”



