আদিবাসী কিশোরীকে ধর্ষণ করে খুনের আঁচ দুর্গাপুরে, প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ
আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ২১ সেপ্টেম্বরঃ
পশ্চিম বর্ধমানের সিটি সেন্টার রবিবার বিকেলে গর্জে উঠল দিশম আদিবাসী গাঁওতা, পশ্চিম বর্ধমান জেলা কমিটির প্রতিবাদ স্লোগানে। রামপুরহাটে সপ্তম শ্রেণীর এক আদিবাসী কিশোরীকে নৃশংসভাবে ধর্ষণ খুনের অভিযোগ ঘিরে এদিন পথে নামে তারা। মিছিলের প্ল্যাকার্ডে লেখা, “আদিবাসী মা-বোনেদের উপর বারবার অত্যাচার চলবে না।” তাদের বক্তব্য, দেশের বিভিন্ন প্রান্তে আদিবাসী কন্যা ও নারীদের ওপর ধর্ষণ ও নির্মম হত্যার ঘটনা ঘটছে, অথচ দোষীরা অধিকাংশ সময়েই আইনের ফাঁক গলে পালিয়ে যাচ্ছে। রামপুরহাটের সাম্প্রতিক ঘটনাই তার দৃষ্টান্ত। খবর অনুযায়ী, ২৮ আগস্ট টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয় সপ্তম শ্রেণীর ওই কিশোরী। প্রায় ২০ দিন পর এক পরিত্যক্ত ডোবায় মিলেছে তার দেহের খণ্ডিত অংশ। পুলিশ ইতিমধ্যে স্থানীয় স্কুলশিক্ষক মনোজ কুমার পালকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, অভিযুক্ত খুনের কথা স্বীকার করলেও ধর্ষণের অভিযোগ এখনও তদন্তাধীন। দেহ এতটাই পচে গিয়েছিল যে প্রমাণ সংগ্রহ কঠিন। বর্তমানে অভিযুক্তকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। দিশম আদিবাসী গাঁওতার জেলা নেতৃত্বের স্পষ্ট দাবি অপরাধীকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সংগঠনের রাজ্য পর্যবেক্ষক বুবুন মান্ডি বলেন,”যদি সরকার ও প্রশাসন দ্রুত এবং কঠোর পদক্ষেপ না নেয়, তবে এই প্রতিবাদ সীমানা ছাড়িয়ে বৃহত্তর আন্দোলনে পরিণত হবে। তাদের কথায়, এটি কেবল এক কিশোরীর ন্যায়ের লড়াই নয়, বরং সমগ্র আদিবাসী সমাজের মর্যাদা ও নিরাপত্তা রক্ষার সংগ্রাম।”



