আচমকা নোটিশে ঘর হারাতে বসেছেন এবিএলের অবসরপ্রাপ্ত কর্মীরা
আমার কথা, দুর্গাপুর, ২৮ জুনঃ
কেউ ভিআরএস নিয়েছেন আবার কেউ ইআরএস। তখন থেকেই কারখানা কর্তৃপক্ষের সম্মতিতে কারখানারই নিজস্ব আবাসনে পরিবার নিয়ে বসবাস করছেন তাঁরা। এমনকি এর জন্য কর্তৃপক্ষের কাছে জমা রেখেছেন টাকা, সাথে নিয়মিত বিদ্যুতের বিলের টাকা মেটাচ্ছেন। কিন্তু আচমকাই সেই আবাসিকদের ক্ররতৃপক্ষ দখলদার তকমা লাগিয়ে ৩০ জুনের মধ্যে আবাসন খালি করে দেওয়ার নোটিশ দিয়েছে বলে অভিযোগ। আচমকাই এই নোটিশে বেশ বিপাকে পড়েছেন আবাসিকরা।
দুর্গাপুরের এবিএল টাউনশিপে প্রায় ৭৫০ অবসরপ্রাপ্ত কর্মী টাউনশিপেরই আবাসনে বসবাস করছেন দীর্ঘ বছর ধরে। অবসরপ্রাপ্ত কর্মী ননীগোপাল মণ্ডল বলেন, “আমাদের কাছে কোয়ার্টার বাবস ১লক্ষ ২০ হাজার টাকা কেটে নিয়েছে কর্তৃপক্ষ। এরপরেও প্রতি মাসে ২৭০ টাকা করে সার্ভিস চার্জ নিচ্ছে। তারপর কি করে আমাদের অবৈধ দখলদার বলছে?” প্রশ্ন তুলেছেন অন্যান্য অবসরপ্রাপ্ত শ্রমিকরাও।
প্রতিবাদে শনিবার তারা দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের ঐ বেসরকারি কারখানার ফেসিলিটি ম্যানেজার উজ্জ্বল গাঙ্গুলির অফিসের সামনে প্রতিবাদে সামিল হন। দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় কারখানা ঐ আধিকারিকের হাতে, এতেও কাজ না হলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চলবে বলে হুঁশিয়ারী দেন আন্দোলনকারীদের।



