স্করপিওকে ধাক্কা মেরে ৩টি বাইকের ওপর চেপে গেল ১৮ চাকার ট্রেলার, ব্যাপক উত্তেজনা
আমার কথা, ২০ মার্চ
রাকেশ লাহা, জামুরিয়া:
৬০ নম্বর জাতীয় সড়কে একটি ১৮ চাকার ট্রেলারের ধাক্কায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো তিনটি মোটরসাইকেল ও একটি চারচাকা স্কারপিও গাড়ি।
ঘটনাটি ঘটে শুক্রবার বেলা ১০ টা নাগাদ জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির অন্তর্গত তপসী পঞ্চায়েতের কুনুস্তড়িয়া কাঁটামোড়ে।
জানাযায় রানীগঞ্জ থেকে হরিপুর অভিমুখে একটি ১৮ চাকার ট্রেলার দ্রুত গতিতে আসছিল ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাঁটা মোড়ের কাছে একটি চলন্ত স্করপিও গাড়িকে সজোরে ধাক্কা মারে ট্রেলারটি , পরে সেই ট্রেলারটিই একই সময়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুটি, একটি বুলেট, এবং একটি পালসার মোটরসাইকেল কে পিষে দেয়। যদিও এমন মর্মান্তিক ঘটনায় হতাহতের কোন খবর উঠে আসেনি। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ পৌঁছায়। জড়ো হয় স্থানীয় বাসিন্দারাও। পুলিশ পৌঁছালে পুলিশের সামনে বাম্পারের দাবি ও দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেল এবং চারচাকা গাড়ির ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এমন ভয়াবহ দুর্ঘটনায় দীর্ঘ প্রায় এক থেকে দেড় ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। দুই পাশে শত শত গাড়ির লম্বা লাইন পড়ে যায়।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা তথা আইএনটিটিইউসির সভাপতি রাজু মুখার্জি জানান, ট্রেলাটি খুবই দ্রুত গতিতে ছিল, যার কারণেই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তিনি আরো জানান এই অংশে দুর্ঘটনা লেগেই থাকে , আমরা প্রশাসনের কাছে আর্জি জানাবো দ্রুত যেন এই অংশে বৃহৎ আকারের বাম্পার নির্মাণ করা হয়। এছাড়াও তিনি জানান, আমরা প্রশাসনের সাথে আলোচনা করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলির ক্ষতিপূরণের ব্যবস্থাও করব।
তবে বর্তমানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে একই স্থানে বারংবার এমন দুর্ঘটনায় ক্ষোভের আগুন জ্বলছে।



