রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ উদ্যাপনে সঙ্ঘ যাত্রা
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ২১ সেপ্টেম্বরঃ
মহালয়ার বিকেলে দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দান যেন রঙিন হয়ে উঠল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ উদ্যাপনের সঙ্ঘ যাত্রায়। শত বছরের ঐতিহ্যকে সামনে রেখে এদিন বিকেল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে সঙ্ঘের স্বয়ংসেবকরা ময়দানে জড়ো হন। সাদা পোশাক, খাকি প্যান্ট, হাতে পতাকা নিয়ে সঙ্ঘের সদস্যরা একে একে অংশ নেন নানা কর্মসূচিতে।শুরুতে অনুষ্ঠিত হয় ব্যায়াম প্রদর্শনী ও ফুচকাওয়াজ। এর পর বাইক নিয়ে মাঠ প্রদক্ষিণ করে স্বয়ংসেবকরা। শৃঙ্খলাবদ্ধ সেই পদযাত্রা ও বাইক পরিক্রমা দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। শতবর্ষ উদ্যাপনের আবহে সঙ্ঘের কর্মীদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে গোটা ময়দানে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের দক্ষিণবঙ্গের সঙ্ঘ পরিচালক রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “রাষ্ট্রের উন্নয়ন সাধনের লক্ষ্যে আমরা নানান সামাজিক ও জাতীয় কাজ করি। শতবর্ষের এই মুহূর্তে মহালয়ার দিনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা সেই অঙ্গীকারকেই স্মরণ ও পুনর্নবীকরণ করছি।”



