দ্রুততার রেকর্ড গড়ে দুর্গম জিব্রাল্টার প্রণালী অতিক্রম সায়নীর
আমার কথা, কালনা, ১৯ এপ্রিলঃ
আবারও একটি রেকর্ড করলেন কালনার সায়নী। অতীব দুর্গম জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে বিশ্বরেকর্ড করলেন পূর্ব বর্ধমান জেলার কালনার সায়নী দাস। জানা গিয়েছে স্পেনের তারিফা থেকে মরোক্কোর ট্যাঙ্গার মেড জলপথের দূরত্ব আনুমানিক প্রায় ১৫ কিলোমিটার। সেই অতি দুর্গম পথ অতিক্রম করলেন সায়নী। এই জল পথ অতিক্রম করতে তার সময় লাগে ৩ ঘণ্টা ৫১ মিনিট। সবথেকে কম সময়ের মধ্যে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করা রেকর্ড ছিল জার্মানির সাতারু কনরাড পল হারবার্টের। গত বৃহস্পতিবারের পর সেই রেকর্ড এল সায়নীর ঝুলিতে। সাঁতারু সায়নীর লক্ষ্য সপ্ত সিন্ধু অতিক্রম করা। ষষ্ঠ প্রণালী অতিক্রম করা হলো সায়নীর। গোটা পৃথিবীর অন্যতম দুর্গম প্রণালী জিব্রাল্টার। সেটা অতিক্রম করতে সময় নিয়ে তিন ঘন্টা একান্ন মিনিটে তিনি মরোক্কো পৌঁছান। এই পথ অতিক্রম করার ক্ষেত্রে তিনিই এখন দ্রুততম। স্পেনের তারিফা থেকে ফোন মারফত সায়নীর বাবা রাধেশ্যাম দাস জানিয়েছেন, সম্পূর্ণ পথ অত্যন্ত অনায়াসে অতিক্রম করেছে সায়নী। কোনোরকম সমস্যার সম্মুখীন তাকে হতে হয়নি।এর আগে ২০১৭ সালে সায়নী ইংলিশ চ্যানেল অতিক্রম করে। এরপর ২০১৮ সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল অতিক্রম করে। যদিও তা সপ্তসিন্ধুর মধ্যে পড়ে না। ২০১৯ সালে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল অতিক্রম করে।এরপর ২০২২ সালে হাওয়াই দ্বীপপুঞ্জের ৪৪ কিমি দীর্ঘ মলোকাই চ্যানেল জয় করেন। সায়নী এশিয়া ও ভারতের প্রথম মহিলা সাঁতারু যিনি নর্থ চ্যানেল অতিক্রম করেছেন। ২০২৪ সালে মার্চ মাসের শেষের দিকে অতিক্রম করেন কুক ট্রেইট চ্যানেল। তার এই সাফল্যে গোটা কালনা বাসী তথা গোটা জেলা বাসী গর্বিত বোধ করছেন।এখন এলাকার মানুষ তার বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে।



