স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান
আমার কথা, সার্থক কুমার দে, অন্ডাল, ৬ সেপ্টেম্বরঃ
শেষ হলো খান্দরা হাইস্কুলের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলন উৎসব। পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য প্রভাতফেরির মাধ্যমে উৎসবের সূচনা হয়েছিল বুধবার। ঐদিন বিদ্যালয় চত্বরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত শঙ্কর বক্সীর আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। প্রকাশ করা হয় সুবর্ণ জয়ন্তী স্মরণিকা। মঞ্চস্থ হয় রবীন্দ্র নৃত্যনাট্য “চন্ডালিকা”। প্রথম দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সভাপতি মহারাজ স্বামী সোমাত্নানন্দ জী, রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, জামুরিয়া ও পাণ্ডবেশ্বরের বিধায়ক হরেরাম সিং, নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যরা। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয় গুণীজন ও স্কুলের প্রাক্তন শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের। সংস্কৃতি অনুষ্ঠানে ছিল রবীন্দ্র গীতিনাট্য “বাল্মিকী প্রতিভা” নৃত্যনাট্য “মাতৃরূপেণ”। দু’দিনই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। ১৯৭৫ সালে বিদ্যালয়ের পথ চলা শুরু হয়। প্রথম বর্ষের প্রাক্তনীদের সম্বর্ধনা দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে।



