জলে ডুবে মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর
আমার কথা, অন্ডাল, ১৮ ফেব্রুয়ারীঃ
স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল মাধ্যমিক পরীক্ষার্থীর। মৃতের নাম প্রিন্স সিং। মঙ্গলবার বহুলা পঞ্চায়েতের মতিবাজার এলাকার ঘটনা। পরীক্ষার্থীর মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।
অন্ডাল থানার বহুলা পঞ্চায়েতের মতি বাজার এলাকায় মামার বাড়িতে থেকে পড়াশোনা করতো প্রিন্স সিং (১৭)। এবার সে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল । মঙ্গলবার ছিল ভূগোল পরীক্ষা। এদিন পরীক্ষা শেষে বাড়ি ফিরে বন্ধুদের সাথে ইসিএল এর একটি পরিতক্ত বালি ব্যাঙ্কারে স্নান করতে যায় সে। সে সময় জলে তলিয়ে যায় প্রিন্স। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে নিয়ে যায় দুর্গাপুর মহাকুমা হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ । মাধ্যমিক পরীক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।



