খনিতে নিরাপত্তারক্ষীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ কুকুর
আমার কথা, লাউদোহা, ৬ জুন:
বেসরকারি নিরাপত্তারক্ষীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। মৃত ব্যক্তির নাম শেখ শাহাবুদ্দিন। শুক্রবার দেহটি উদ্ধার হয় দুর্গাপুর ফরিদপুর থানার ইসিএলের ঝাঁঝরা এরিয়ার এমআইসি ১/২ কোলিয়ারি এলাকায়। সূত্র মারফত জানা গেছে মৃত শেখ শাহাবুদ্দিন লাউদোহা পঞ্চায়েতের রাঙ্গামাটি এলাকার বাসিন্দা। সে বেসরকারি নিরাপত্তারক্ষী হিসাবে কর্মরত ছিল একটি বেসরকারি কয়লা উত্তোলন সংস্থায়। শুক্রবার তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই সংস্থার কয়লা পরিবহনের নির্মাণীয়মান কাঠামোতে। সহকর্মীরা জানান যেখান থেকে শাহাবুদ্দিনের দেহ উদ্ধার হয় সেখানে দুপুর ও রাতে দুজন নিরাপত্তারক্ষী থাকে, সকালে থাকে একজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। ময়না তদন্তের জন্য দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানাতে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ্ব। ঘটনাস্থলে সূত্র পেতে এদিন আনা হয়েছিল প্রশিক্ষিত পুলিশ কুকুর। ময়না তদন্তের রিপোর্টে পরিষ্কার হবে মৃত্যুর কারণ বলে এক আধিকারিক জানান।



