দুষ্কর্মে বাধা দেওয়ায় দুষ্কৃতিদের হাতে জখম সিকিউরিটি অফিসার
আমার কথা, অন্ডাল, ১৭ জুন:
দুষ্কর্মে বাধা দেওয়ায় বেধড়ক মারধরের শিকার হলেন ইসিএলের এক সিকিউরিটি অফিসার। সোমবার ঘটনাটি ঘটেছে ইসিএলের কেন্দা এরিয়ার সিদুলি কোলিয়ারিতে। অভিযোগ পেয়ে দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
কয়লা খনি সংস্থা ইসিএলের কেন্দ্রা এরিয়ার সিদুলি কোলিয়ারিতে কিছুদিন আগে অবৈধভাবে কয়লা খনন ও সংস্থার আবাসন দখল করতে শুরু করেছিল দুষ্কৃতীরা। খবর পেয়ে খাদান বন্ধ ও আবাসন দখল রুখতে সক্রিয় ভূমিকা নেন সংশ্লিষ্ট কোলিয়ারির সিকিউরিটি অফিসার কৌশিক ভট্টাচার্য। এই আক্রোশে সোমবার দুষ্কৃতিদের হাতে হামলার শিকার হন তিনি। ঘটনা সূত্রে জানা গেছে সোমবার দুপুরে খাবার খেতে কৌশিক বাবু এলাকায় একটি হোটেলে যান। কিছুক্ষণ পরে সেখানে হাজির হয় এলাকার কয়েকজন দুষ্কৃতি। তারা কৌশিক বাবুকে প্রথমে গালাগাল ও দেখে নেওয়ার হুমকি দিতে শুরু করেন। কৌশিক বাবু তার প্রতিবাদ করলে বচসা শুরু হয়। এরই মধ্যে ওই দুষ্কৃতীরা ফোন করে তাদের আরও কয়েকজন সাগরেদদের ডেকে আনে। তারপর তারা চড় ঘুষির পাশাপাশি লাঠি, লোহার রড নিয়ে কৌশিক বাবুর উপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় আহত হন কৌশিক বাবু। বর্তমানে তিনি সংস্থার কাল্লা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কৌশিক বাবু বলেন এলাকার দুষ্কৃতীরা অবৈধ কয়লা খাদানের পাশাপাশি সংস্থার কোয়াটার জোর করে দখল করার চেষ্টা করছিল। আমি তার প্রতিবাদ করেছি। সেই আক্রোশেই দুষ্কৃতীরা হামলা চালায় বলে জানান কৌশিক বাবু। ঘটনার পর সিদুলি কোলিয়ারির এজেন্ট পিকে বর্মা পুরুষোত্তম গোস্বামী ওরফে বোঙ্গা ও অরুণ সাউ সহ চারজন দুষ্কৃতির নামে অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।



