হিংসা, হুমকি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের একাধিক নেতা কর্মী
আমার কথা, ১৮ মে
সার্থক কুমার দে, প: বর্ধমান:
ভোট পরবর্তী হিংসা, মারধর, হুমকি, তোলাবাজির অভিযোগে বিরোধী দলের একাধিক নেতাকর্মীকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে আসানসোলের বাসিন্দা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুহালিয়া, অন্ডালের রামজীবন বিশ্বকর্মা, মুন্না পাসওয়ান ছাড়াও দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক, দুর্গাপুরের এক প্রাক্তন কাউন্সিলর এর স্বামী সহ আরো বেশ কয়েকজন। আসানসোল বাস স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুহলিয়া। তিনি প্রাক্তন মন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠ বলে পরিচিত। বাস কর্মী সংগঠন দেখাশুনা করতেন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যা বেলায় তাকে আটক আসানসোল দক্ষিণ থানাতে করে থানাতে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের পর করা হয় গ্রেপ্তার। তোলাবাজির একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে বলে দাবি। অন্যদিকে বহুলা পঞ্চায়েতের পরাশকোল কোলিয়ারির তৃণমূল প্রভাবিত কে কে এস সি নেতা রামজীবন বিশ্বকর্মা ও পরাসকোল ডাঙ্গালপাড়ার বাসিন্দা মুন্না পাসওয়ানকে গ্রেফতার করে অন্ডাল থানার পুলিশ। রামজীবন বিশ্বকর্মার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি প্রভাব খাটিয়ে ডিউটি না করেও বেতন নিতেন। এছাড়াও সংগঠনের নাম করে বিভিন্ন কর্মীদের কাছ থেকে তোলা নিতেন বলে অভিযোগ। রবিবার থানায় ডেকে আটক করা হয় দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক কে। পরে তাকে গ্রেপ্তার করা হয় । তার বিরুদ্ধেও তোলাবাজি হুমকি মারধরের অভিযোগ রয়েছে বলে জানা যায়। অন্যদিকে একই অভিযোগে দুর্গাপুর পুরসভার প্রাক্তন এক কাউন্সিলর এর স্বামীকেও গ্রেপ্তার করেছে বলে সূত্রের খবর। সোমবার ধৃতদের আসানসোল ও দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। আসানসোলের শ্রমিক নেতা রাজু আলুহলিয়াকে কোর্টে তোলার সময় অন্যান্য আসামিদের সাথে কোমরে দড়ি বেঁধে তোলা হয়। অন্যদিকে দুর্গাপুর মহাকুমা আদালতের ঢোকার সময় শতদ্বীপ ঘটকের লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে দেখা যায় কয়েকজনকে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পাল্টা বলেন তৃণমূল কংগ্রেস করি তাই রাজনৈতিক প্রতিহিংসায় আমাকে গ্রেফতার করা হলো। ধৃত রাজু আলুহলিয়াকে বিচারক তিন দিনের পুলিশ রিমান্ডের আদেশ দেন । রাজু বলেন দুর্নীতি নিয়ে আমি সরব হয়েছিলাম তাই আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছি।
রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর রাজ্য জুড়ে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী, কর্মীর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগ প্রকাশে আসতে শুরু করেছে । অভিযুক্তদের ধরতে তৎপর হয়েছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তদের অনেককেই গ্রেপ্তার হয়েছেন, বাকিদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে বিজেপি। গ্রেফতারের আশঙ্কায় ইতিমধ্যে অনেক তৃণমূল নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন । অনেকের মোবাইল সুইচ অফ রয়েছে। তবে অভিযুক্তদের সবাইকে গ্রেপ্তার করা হবে বলে জানান এক পুলিশ আধিকারিক।



