অবাক কান্ড! গ্রামের স্কুল থেকে চুরি গেল শুধু সিসিটিভির হার্ড ডিস্ক ও মনিটর
আমার কথা, ৩ জুন
রাকেশ লাহা, জামুরিয়া:
কোনো দোকান বা গৃহস্থের বাড়ি নয়, এবার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো জামুড়িয়ার বোগড়া গ্রামের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে। চুরি গেল,সিসিটিভি হার্ডডিক্স ও মনিটর । আতঙ্কের পরিবেশ এলাকায়। ঘটনার তদন্তে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত্রি আনুমানিক ১টা থেকে ২টো নাগাদ জামুরিয়া বিধানসভা কেন্দ্রের ৩২ নম্বর ওয়ার্ডের বোগড়া এলাকায় অবস্থিত একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জানালার গ্রিল কেটে বিদ্যালয় এর সিসিটিভির হার্ডডিক্স ও মনিটর চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। পাশাপাশি বিদ্যালয়ের মধ্যে থাকা দুটি আলমারি খুলে যাবতীয় জিনিসপত্র তছনছ করে দেওয়া হয়।
চুরির প্রসঙ্গে বেসরকারি বিদ্যালয়টির শিক্ষক বরুন ঘোষ জানান , সকালে আমি যখন বিদ্যালয়ে এসে অফিস খুলি তখন দেখতে পাই , আমাদের বিদ্যালয়ের সিসিটিভির হার্ডডিক্স ও মনিটর নেই । তারপরই লক্ষ্য করি স্কুলের একটি জানালার গ্রিল কাটা রয়েছে, আমার অনুমান হয়তো রাত্রিতে সেই গ্রিলটি কেটেই চোরেরা চুরির ঘটনাটি ঘটিয়েছে।
এদিন তিনি জানান, বেশ কিছুদিন থেকেই আমাদের গ্রামে চুরির প্রচেষ্টা করে চলেছে চোরের দল। আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ রাখবো বিষয়টি যেন একটু গুরুত্ব সহকারে দেখা হয়।
তবে ঘটনার পরই ঘটনাস্থলে এদিন জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে বিষয়টি পর্যবেক্ষণ করে তদন্ত শুরু করেন বলে জানা যায়।
অন্যদিকে এমন ঘটনাই গ্রামবাসীরা জানান বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরাগুলি এমনভাবে লাগানো ছিল যার দ্বারা গ্রামে কে আসা যাওয়া করছে সমস্ত কিছুই রেকর্ড হয়ে থাকতো। হয়তো বা এর আগে গ্রামে দুষ্কৃতিদের কোন অপকর্মের দৃশ্য বিদ্যালয়ের এই সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়ে পড়েছিল। সেই কারণেই দুষ্কৃতীর দল বিদ্যালয়ে ঢুকে সিসিটিভির হার্ডডিক্স ও মনিটর চুরি করে নিয়ে গেছে। এদিন গ্রামবাসীরা বলেন গ্রামে বারংবার এমন ঘটনায় নিরাপত্তার অভাব অনুভব করছি আমরা। পুলিশের কাছে অনুরোধ তারা যেন দ্রুততার সাথে চুরির কাজে যুক্ত দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে।



