জিনিসের দাম চাওয়ায় দোকানদার ও কর্মচারীদের ফেলে মার বহিরাগতদের
আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ১ অক্টোবর:
গুমটি দোকান থেকে জিনিস কিনে টাকা না দেওয়ার অভিযোগ আর সেই টাকা চাইতে গেলে দোকানদারকে এবং দোকানের কর্মীদের মারধরের অভিযোগ। প্রতিবাদ করতে গেলে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার এবং হাত ভেঙে দেওয়ার অভিযোগ। প্রকাশ্যে এলো সেই সিসিটিভি ফুটেজ। ঘটনার প্রেক্ষিতে আটক ২। মঙ্গলবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনা ঘটল দুর্গাপুর থানার ওয়ারিয়া ফাঁড়ির অন্তর্গত দুবচুরুরিয়া এলাকায়।
অভিযোগ, গুমটিতে জিনিস কিনে টাকা না দেওয়ার। যাকে ঘিরেই শুরু হয় বিবাদ। সেই বিবাদ মুহূর্তে মারামারিতে গড়ায়। দোকানদার টাকা চাইতে গেলে তাঁকে এবং দোকানের কর্মীদের উপর চড়াও হয় কয়েকজন। অভিযোগ, অমানুষিকভাবে মারধর করা হয় তাঁদের। এমনকি প্রতিবাদ করতে গেলে এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে দাবি স্থানীয়দের। ঘটনার পর চিৎকার চেঁচামেচিতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দৌড়ে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই জনকে আটক করে থানায় নিয়ে যায়। আহত দোকান কর্মীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। গুমটি
দোকানের মালিক রাকেশ মাইতির অভিযোগ,” দুর্গা পুজোর জন্য রাতে দোকান খোলা রাখছি। কয়েকজন এসে দোকান থেকে কিছু জিনিস কেনে তারপর টাকা চাইতে গেলে গালাগালি করে এবং আমাদের ওপর চড়াও হয়। আমাদেরই একজনকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আরেকজনের হাত ভেঙে দেওয়া হয়েছে। ওয়ারিয়া ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানিয়েছি। পুলিশ দুজনকে আটক করেছে। তারা বিহার থেকে এসেছে বলে জানায় আমাদের। আমরা থানায় অভিযোগ দায়ের করছি।”দুর্গাপুজোর সময় এই ঘটনাকে ঘিরে চরম চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
যদিও ফাঁড়িতে এখনো পর্যন্ত্য কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।



