‘সাপ আমাদের শত্রু নয়, তাই মেরে ফেলা উচিত নয়’-স্কুলে কর্মশালা
আমার কথা, অন্ডাল, ১ জুনঃ
“সহজপাঠ” সংস্থার উদ্যোগে আয়োজিত হল সাপ নিয়ে কর্মশালা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় রবিবার কর্মশালাটি হয় উখরা কেবি ইনস্টিটিউশন স্কুলে। পড়ুয়াদের ছবির মাধ্যমে চেনানো হয় সাপের বিভিন্ন প্রজাতি, কোন সব বিষধর আর কোন সাপের বিষ নেই। সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যাওয়া উচিত বলে পরামর্শ দেওয়া হয় পড়ুয়াদের। বিজ্ঞান মঞ্চের পক্ষে রবিউল ইসলাম, রবীন্দ্রনাথ পাল, মিলন কর্মকাররা বলেন সাপ আমাদের শত্রু নয় সাপ ইকো সিস্টেমের অঙ্গ। তাই সাপ মেরে ফেলা উচিত নয়, সাপের সাথে আমাদের দূরত্ব বজায় রাখা উচিত। পাশাপাশি তারা বলেন সাপ নিয়ে মানুষের অজানা ভীতি রয়েছে। কর্মশালার মাধ্যমে সেই ভীতি দূর করায় আমাদের উদ্দেশ্য বলে জানান তারা। “সহজ পাঠ” সংস্থার পক্ষে স্বর্ণালী দে বলেন আমরা পড়ুয়াদের ব্যবহারিক শিক্ষা দিয়ে থাকি । বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষাদান আমাদের উদ্দেশ্য। সাপ নিয়ে আজকের কর্মশালা তারই অঙ্গ বলে জানান তিনি।



