আগুন ঝরা বাইকের দাপট রুখতে কড়া ট্রাফিক
আমার কথা, ৭ ফেব্রুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
কোথাও বাইকের সাইলেন্সার থেকে বেরোচ্ছে আগুনের ফুলকি, কোথাও আবার ঠাস ঠাস গুলির আওয়াজ। আর তার মাঝখানে নাকাল সাধারণ মানুষ। শিল্পাঞ্চল দুর্গাপুরে প্রতিদিন দুর্গাপুরের প্রতিটি প্রান্তে ঠিক এমনই ‘হলিউড-বলিউড মার্কা’ শব্দ আর আলো-আতঙ্কে অতিষ্ঠ হয়ে উঠে পথচারী থেকে শুরু করে গাড়িচালকরা। এই বিকট শব্দের দাপট আর আগুনঝরা সাইলেন্সারের দৌরাত্ম্য থামাতে এবার রাস্তায় নামল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের গান্ধী মোড়ে দুর্গাপুর ট্রাফিক পুলিশের শুরু হয় বিশেষ অভিযান। শব্দবাজ বাইক, গুলির আওয়াজ তোলা সাইলেন্সার আর আগুন ছোড়া এক্সহস্ট সবই ধরা পড়ে পুলিশের হাতে। একে একে আটকানো হয় একাধিক বাইক। যেখানে বাইকের কাজ শান্তভাবে ছুটে চলা, সেখানে যদি বাজে বোমাবাজির আওয়াজ, তাহলে আর মেনে নেওয়া হবে না এমনই সাফ বার্তা দেয় পুলিশ। অভিযানের সময় শুধু জরিমানাই নয়, চালকদের কড়া ধমকও দেওয়া হয়।
ট্রাফিক ইন্সপেক্টর ৩ সন্তোষ ভকত সাফ জানান,” ভবিষ্যতে এই ধরনের সাইলেন্সার গাড়িতে থাকলে আর সতর্কবার্তা নয়। সরাসরি কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্স বাতিল থেকে শুরু করে গাড়ি আটক করা হবে।”



