২০২৬ শে রাজ্যে বদল হবে, বদলাও হবে, হুমকি শুভেন্দুর
আমার কথা, লাউদোহা, ১২ আগস্ট:
সংবাদদাতা: সার্থক কুমার দে
ভোটার তালিকা সংশোধনের পর তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গাদের। ২০২৬-এ রাজ্যে বদল হবে বদলাও হবে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরজি কর, কসবা কান্ডের বিচার সহ রাজ্যে মহিলাদের সুরক্ষার দাবিতে প্রধান বিরোধীদল বিজেপি রাজ্য জুড়ে শুরু করেছে ” কন্যা সুরক্ষা যাত্রা” কর্মসূচি। মঙ্গলবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে দলের এই কর্মসূচিতে যোগ দেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন প্রথমে পানশিউলি মোড় থেকে মাদারবনি পর্যন্ত মিছিল হয়। সেখানে খনি সংস্থা ইসিএলের গ্রাউন্ডে হয় জনসভা। শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিতনু ভট্টাচার্য, জিতেন্দ্র তেওয়ারি, বিধায়ক লক্ষণ ঘুড়ুই সহ অন্যরা। শুভেন্দু বাবু তার বক্তৃতায় বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনায় সরব হন। বলেন এই সরকার শিক্ষকদের চাকরি খেয়েছে, রাজ্যে মহিলাদের কোন নিরাপত্তা নেই। নির্যাতন, ধর্ষণ বেড়েই চলেছে। নির্যাতিতা মহিলারা বিচার পান না, ধর্ষকরা পান প্রশ্রয়। তিনি বলেন ২০২১ সালের বিধানসভা ভোটে গণনা কেন্দ্রে কারচুপি করে বিধায়ক হয়েছেন তৃণমূলের নরেন বাবু। তার নেতৃত্বে এলাকায় কয়লা, বালির লুট চলছে। পুলিশের একাংশ এই কাজে মদত দিচ্ছে।
বক্তৃতায় বিরোধী দলনেতা বলেন ২০২৬ সালে এই রাজ্যে বদল হবে, বদলাও হবে । যারা এখন অত্যাচার চালাচ্ছে তাদের খুঁজে বের করে সাজা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি । বলেন ভোটার তালিকা সংশোধনের কাজ হবে এই রাজ্যেও । বাংলাদেশী মুসলমান আর রোহিঙ্গাদের নাম বাদ যাবে তালিকা থেকে । তাই ভয় পেয়ে তা আটকাতে চাইছে তৃণমূল । ২০২৬ এর পর তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না বলে জানান তিনি । তিনি বলেন ইউপি, বিহারে জঙ্গল রাজ খতম করে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করেছে বিজেপি । বাংলায় তারা ক্ষমতায় এলে এখানেও সুশাসন প্রতিষ্ঠা হবে ।



