বিপজ্জনক অ্যাসিড ভর্তি টাংকার উলটে গেল জাতীয় সড়কে, দেখুন ভিডিও
আমার কথা, দুর্গাপুর, ২২ এপ্রিল:
ভয়াবহ দুর্ঘটনা ঘটল দুর্গাপুরের মুচিপাড়ায় ১৯ নং জাতীয় সড়কের ওপর। অ্যাসিড বোঝাই টাংকার উলটে আতঙ্ক ছড়ালো এলাকায়। জল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
ঘটনাসুত্রে জানা গিয়েছে মঙ্গলবার ভোরে বিপজ্জনক হাইড্রোক্লোরিক অ্যাসিড বোঝাই একটি টাংকার বিহার থেকে কলকাতা যাচ্ছিল। দুর্গাপুরের মুচিপাড়ায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারটি ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায়। লিক করে ক্রমাগত অ্যাসিড বেরোতে থাকে। ধোঁয়াতে ঢেকে যায় এলাকা। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন।
দমকল আধিকারিক সুদীপ্ত চক্রবর্তী বলেন, “ট্যাংকারটি উলটে যাওয়ায় লিকেজ হয়ে যায় আর তা থেকে ক্রমাগত গ্যাস বের হয়ে বাতাসে মিশতে থাকে। দুটি ইঞ্জিন এক নাগাড়ে জল দিতে থাকে। বাতাসের কারনে শুরুতে বিষয়টি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে”।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় সড়কের কলকাতাগামী লেনে যান চলাচল বন্ধ রাখা হয়েছে কিছু সময়ের জন্য। ক্রেন এনে ট্যাংকারটিকে সোজা করার চেষ্টা চলছে।



